থানার ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গত রোববার সন্ধ্যায় শাহ আলম মোল্লা ওরফে সাগর (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত শাহ আলম অপরাধ দমন নামে একটি পাক্ষিকের সাংবাদিক বলে তাঁর বন্ধু ও স্বজনেরা জানিয়েছেন।

শাহ আলমকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। এ ঘটনা তদন্তে গতকাল সোমবার পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’র মামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকেরা সড়ক অবরোধ করেছেন।

পুলিশ জানায়, শাহ আলমের মৃত্যুর ঘটনায় উত্তরা ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির উদ্দিন আহমেদসহ (৪৮) চারজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। অন্যরা হলেন কাঠমিস্ত্রি নজরুল ইসলাম (৩৪), আনিছুর রহমান (২৫) ও জাহিদুল ইসলাম (২৮)। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি অধ্যক্ষ বশির উদ্দিনের বিরুদ্ধেঅপরাধ দমন পত্রিকায় একটি প্রতিবেদন করেন শাহ আলম। এর মাধ্যমে শাহ আলম ব্ল্যাকমেইল করছেন বলে অধ্যক্ষ উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শাহ আলমও অধ্যক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে একটি জিডি করেন। পরে পুলিশ দুজনকেই থানায় ডেকে নেয়।

রোববার সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে এ বিষয়ে আলোচনা চলছিল। এর মধ্যে শাহ আলম সমঝোতায় রাজি হচ্ছিলেন না। এরপর থানার একজন উপপরিদর্শক শাহ আলমকে ডেকে নিয়ে ছাদে যান।

শাহ আলমের বন্ধু নজরুল ইসলামের অভিযোগ, ‘থানার সেকেন্ড অফিসার এসআই মামুন শাহ আলমকে ছাদে নিয়ে ফেলে দিয়েছেন।’

এ বিষয়ে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিসারুল আরিফ বলেন, ‘পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে শাহ আলমের মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, এক নারীর সোনার গহনা বন্ধক রাখা নিয়ে এ ঘটনা ঘটেছে।

শাহ আলমের মৃত্যুর প্রতিবাদে উত্তরা ও টঙ্গীর সাংবাদিকেরা গতকাল দুপুর সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন। প্রতিবাদ সভা শেষে সাংবাদিকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি উত্তরা বিএনএস সেন্টারের সামনে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।