থানার নিরাপত্তায় বিশেষ চৌকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর মডেল থানার সামনে বালুর বস্তা দিয়ে তৈরি নিরাপত্তাচৌকিতে অস্ত্র হাতে পুলিশের সতর্ক অবস্থান। সহিংসতাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গত রাত আটটায় ছবিটি তুলেছেন সাজিদ হোসেন
মিরপুর মডেল থানার সামনে বালুর বস্তা দিয়ে তৈরি নিরাপত্তাচৌকিতে অস্ত্র হাতে পুলিশের সতর্ক অবস্থান। সহিংসতাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। গত রাত আটটায় ছবিটি তুলেছেন সাজিদ হোসেন

সন্ত্রাসী হামলার আশঙ্কায় রাজধানীর মিরপুর এলাকায় সাত থানায় বিশেষ নিরাপত্তা চৌকি (সেন্ট্রি পোস্ট) বসিয়েছে পুলিশ। চারদিকে বালুর বস্তা দিয়ে তৈরি এই চৌকির ভেতরে অস্ত্র তাক করে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে।
জানতে চাইলে, মিরপুর বিভাগের উপকমিশনার নিসারুল আরিফ প্রথম আলোকে বলেন, ‘থানায় হামলা হতে পারে বলে গোয়েন্দা সংস্থা খবর দিয়েছে। এ খবরের পর সম্প্রতি সব থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
বিএনপিসহ ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ কারণে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। ৫ মার্চ রাজারবাগ মাঠে তিনি সাংবাদিকদের জানান, অবরোধ শুরু হওয়ার পর থেকে হামলায় ৫৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ সময় একজন পুলিশ সদস্য নিহতও হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, গত ৫ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে রাজধানীতে ২০২টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ১ হাজার ৩০০ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। যাঁদের মধ্যে ৯০০ জন বিএনপির সমর্থক, অন্যরা জামায়াত ও হিযবুত তাহ্রীরের সদস্য। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ৩২৫টি মামলা হয়েছে। সন্ত্রাসী হামলায় পুলিশের ৫৫ জন সদস্য ছাড়াও তিন আনসার সদস্য আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগরের একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলোকে জানান, তাঁরা আশঙ্কা করছেন, বিএনপি-জামায়াত বা তাদের পক্ষের সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালাতে পারে। এ কারণে সব থানায় বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। থানায় আসা লোকদের ওপর নজর রাখা হচ্ছে। সন্দেহজনক কাউকে পেলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন সড়কে তল্লাশি চৌকি বসানো হচ্ছে। অনেক থানার সামনে সিসি ক্যামেরা বসানো হয়েছে।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামানও তাঁর থানার সামনে বালুর বস্তা দিয়ে নিরাপত্তা চৌকি বসানোর কথা জানিয়েছেন।