থানার পাশে ডাকাতি, ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জের বারোবাজারের হাইওয়ে থানার মাত্র ২০০ গজ দূরে গতকাল বুধবার ভোরে রাস্তার ওপর গাছ ফেলে পরিবহনে গণডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে প্রায় ২৫টি গাড়ি থেকে নগদ টাকা, মুঠোফোনসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ সময় অস্ত্রের আঘাতে চালক আলম হোসেনসহ পাঁচ-ছয়জন আহত হন। হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ডাকাতদের সহযোগিতা করার অভিযোগ এনে পরিবহন শ্রমিকেরা ঘটনার পর থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় হাইওয়ে পুলিশের একটি দলকেও তাঁরা স্থানীয় একটি তেলপাম্পে আটকে রাখেন। পরে স্থানীয় শ্রমিকনেতারা তাঁদের মুক্ত করেন। প্রশাসনের পক্ষ থেকে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানকে প্রত্যাহার এবং কারও অবহেলা থাকলে সেটা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। ওসি মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। পুলিশের কোনো অবহেলা ছিল না বলে তিনি দাবি করেন।