থানার পাশেই শ্রমিকনেতার রগ কেটে দিল ছিনতাইকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় থানার পাশেই ছিনতাইকারীরা হামলা চালিয়ে উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজগর হোসেনের হাতের রগ কেটে দিয়েছে। একই সঙ্গে আরও চারজনকে কুপিয়ে জখম করে টাকা ও মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়েছে। গত শনিবার দিবাগত রাত আড়াইটায় থানা থেকে ১০০ গজ দূরে কৃষ্ণপুর কালিতলায় এ ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজগর হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য ব্যক্তিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান, উপজেলা সদর থেকে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন পুঠিয়ার রাজবাড়ি এলাকার দুলাল, জাইদুল, গোপাল ও ভ্যানচালক রফিকুল ইসলাম। তারা পুঠিয়া থানার অদূরে কৃষ্ণপুর কালিতলা নামক স্থানে পৌঁছালে পাশে ওত পেতে থাকা সশস্ত্র ছিনতাইকারীরা তাদের ওপর হামলা করে টাকা-পয়সা ও মোবাইল ফোনসেট ছিনতাই করে। এ সময় তাদের শরীরের বিভিন্ন অংশে চাকু দিয়ে কুপিয়ে জখম করে।একই সময় রাজবাড়ি এলাকা থেকে পুঠিয়া বাজারে আসছিলেন উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি। ছিনতাইকারীরা তাঁকেও ধরে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা বেদম মারধর করে তাঁর হাতের রগ কেটে দিয়ে পালিয়ে যায়।পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাত থেকেই আহত ব্যক্তিদের কাছ থেকে যাঁদের নাম পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, ঘটনাটি রাজনৈতিক বলে মনে হচ্ছে। আহত ব্যক্তিরা হাসপাতালে থাকার কারণে এখনো মামলা হয়নি।