থানার পাশের অর্পিত ও খাসজমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাশয়ের পাশে নির্মাণ করা হচ্ছে ছোট ছোট টিনের ছাপরা কিংবা বাশের খুঁটি পুঁতে নির্ধারণ করা হচ্ছে সীমানা। চলছে সেচযন্ত্রের অবাধ ব্যবহার। এভাবেই দখলের প্রতিযোগিতা চলছে ঢাকার ধামরাই উপজেলা সদর থানার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা খাস ও অর্পিত সম্পত্তির।দখলদারদের অধিকাংশই স্থানীয় প্রভাবশালী এবং সরকারি দলের নেতা ও সাংবাদিক। দখলের কথা স্বীকার করে খুব শিগগির এসব দখলদারের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ধামরাই উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, ধামরাই থানার পাশে দক্ষিণপাড়া মৌজায় অন্তত ১৫ বিঘা জলায়তনবিশিষ্ট ভূমির অধিকাংশই অর্পিত ও খাস সম্পত্তি। দীর্ঘদিন ধরেই এসব সম্পত্তি দখল হয়ে আসছে। গত শনিবার ছোট ছাপরা ঘর আর বাঁশের খুঁটি বসিয়ে দখলের প্রতিযোগিতায় নেমেছেন অনেকেই। খোঁজ নিয়ে জানা গেছে, দখলদারদের মধ্যে ধামরাই পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন বাঁশের খুঁটি পুঁতে দখলের সীমানা নির্ধারণ করেছেন। দুটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি দখল নিশ্চিত করেছেন ছাপরা ঘর তুলে। বাকিরা খুঁটি পুঁতে দখলের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ৩০০ গজ উত্তরে ধামরাই থানার পাশে এই খাস ও অর্পিত সম্পত্তি দখলের দৃশ্য চোখে পড়ে। এ সময় কেউ শ্রমিক দিয়ে তাঁর দখলে নেওয়া জমিতে মাটি ভরাট করছিলেন, আবার কেউ লোকজন নিয়ে তাঁদের দখলে নেওয়া জমি পাহারা দিচ্ছিলেন। জানতে চাইলে বেলায়েত হোসেন বলেন, খাস বা অর্পিত সম্পত্তি নয়, তাঁদের নিজের জমিই তাঁরা দখল করছেন।যোগাযোগ করা হলে ধামরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম অর্পিত ও খাসজমি দখল করার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তিনি দখল প্রক্রিয়ার সঙ্গে বেলায়েত ও জাবেদ মোস্তফা নামের দুই ব্যক্তি জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছেন। বাকিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।