থানার পাশের বাড়িতে চুরির পর অগ্নিসংযোগ
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার পাশের একটি বাড়িতে গত বৃহস্পতিবার রাতে চুরির পর ঘরের জিনিসপত্রে অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বাড়ির মালিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক রঞ্জিত কুমার বিশ্বাসের স্ত্রী মালবিকা বিশ্বাস জানান, তিনতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটটি ভাড়া নিয়ে থাকেন তাঁর ভাই বিলাশ ঘোষ। তবে বিলাশ ঘোষ সেখানে থাকেন না। তাঁর শ্যালিকা পলি ঘোষ সেই ফ্ল্যাটে থেকে রাজশাহী কলেজে পড়াশোনা করেন। আট দিন ধরে পলি ঘোষও বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দোতলার ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর বাড়ির লোকজন দমকল বাহিনীকে সংবাদ দেন। দমকল বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর দোতলার ঘরে ঢুকে দেখেন, চোরের দল দোতলার ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে ঘরের মালামাল চুরি করে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে ঘরের মধ্যে থাকা বিছানা, বই ও পড়ার চেয়ার-টেবিল পুড়ে যায়। তবে ভাড়াটে পলি ঘোষ উপস্থিত না থাকায় কত টাকার জিনিস চুরি হয়েছে, তা গতকাল পর্যন্ত জানা যায়নি।বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন বলেন, চুরির পর আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মালিক রঞ্জিত কুমার বিশ্বাস একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও কোনো সূত্র পাওয়া যাচ্ছে না।