থানার ফটকে বাজার, দুর্ভোগ
রংপুরের বদরগঞ্জ থানার প্রধান ফটকের সামনে সপ্তাহে দুই দিন বসছে আলুর বাজার। এ কারণে জরুরি আইনি সেবা নিতে ও দিতে গিয়ে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রতি সোম ও বৃহস্পতিবার এই দুই দিন থানার প্রধান ফটকের সামনে বসে আলু কেনাবেচার বাজার। এ কারণে থানায় যাওয়া-আসাসহ জরুরি আইনি সেবা প্রদানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে থানায় যাওয়া-আসার একমাত্র সড়কের দুই ধারে বসছে ধান, সরিষা ও কাপড় কেনাবেচার বাজার। এ কারণে জরুরি প্রয়োজনে যানবাহন নিয়ে থানা থেকে বের হতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এতে সময়ও বেশি লাগছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন পুলিশ সদস্য বলেন, থানার প্রধান ফটকের সামনে আলু বাজার ও থানা সড়কের দুই ধারে বিভিন্ন দোকানপাট বসায় যানজট সৃষ্টি হয়। এ কারণে মানুষকে দ্রুত আইনি সেবা দেওয়া যায় না।
থানাপাড়ার জাহিদুল হক বলেন, থানা সড়ক দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাসায় যেতে আগে সময় লাগত চার-পাঁচ মিনিট। কিন্তু এই সড়কে দোকানপাট ও বাজার বসায় এখন সময় লাগে কয়েক গুণ বেশি।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘থানার প্রধান ফটক ও সড়কে বিভিন্ন বাজার বসায় সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। থানার প্রধান ফটক থেকে আলু বাজার ও সড়ক থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে পৌর মেয়রকে জানিয়েছি।’ পৌরসভার মেয়র উত্তম কুমার সাহা বলেন, অবৈধ দোকানপাট ও বাজার সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে। কিন্তু জায়গা সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে।