থানার ফোন নষ্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৮৯৭৪৩৮। এটি পুলিশের গুলশান অঞ্চলের ভাটারা থানার দায়িত্বরত কর্মকর্তার টেলিফোনে নম্বর। পুলিশের সব টেলিফোনসূচিতে থানার এই নম্বরটি দেওয়া। কিন্তু ওই নম্বরে শুক্রবার বারবার ফোন করা হলেও কেউ ধরেনি। থানায় গিয়ে জানা গেল, ফোনটি নষ্ট। 

শোলাকিয়ায় নিহত হামলাকারী আবির রহমানের পরিবারের সাধারণ ডায়েরির (জিডি) বিষয়ে জানতে শুক্রবার বিকেলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হয়। ওসি জানান, একটি জিডি হয়েছে। কিন্তু তিনি আবিরের পরিবারের কোনো ফোন নম্বর তিনি দিতে পারেননি। তাই থানা থেকে তিনি নম্বর সংগ্রহের পরামর্শ দেন। তাঁর পরামর্শে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩০ থেকে ৩৫ বার থানার ওই নম্বরে ফোন করা হলেও কেউ ধরেনি।
সন্ধ্যায় থানায় গিয়ে ফোন না ধরার কারণ জানতে চাইলে দায়িত্বরত কর্মকর্তা শবনম বলেন, ‘ফোন কীভাবে ধরব। ফোন তো বাজে না। এটি তো নষ্ট।’ কবে থেকে নষ্ট জানতে চাইলে তিনি বলেন, ‘দুই-তিন দিন তো হবেই।’
আজ শনিবার সন্ধ্যায় ফোন নষ্টের কারণ সম্পর্কে জানতে চাইলে ভাটারা থানার ওসি নুরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, ‘ফোন তো নষ্ট।’ টেলিফোনের লোকজনকে জানিয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হুমম। গুলশান এক্সচেঞ্জে জানিয়েছি।’
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ‍গুলশান অঞ্চলে যোগাযোগ করলে সেখানকার প্রকৌশলীরা জানান, থানা থেকে তাদের ফোন নষ্ট থাকার বিষয়ে কিছু জানানো হয়নি। তারপরও বারিধারা-ভাটারা এক্সচেঞ্জে যোগাযোগের পরামর্শ দেন কর্মকর্তারা।
এরপর ভাটারা এক্সচেঞ্জে যোগাযোগ করা হলে সেখানকার সহকারী প্রকৌশলী শাহ আলম বলেন, ‘থানার ফোন নষ্ট নাকি? কই কেউ তো আমাদের জানাল না? আমার সঙ্গে তো ওসির ভালো সম্পর্ক। এমনকি আমাদের দুজন লাইনম্যানকেও তিনি চেনেন। কই আমাদের তো তিনি এমন কিছু জানাননি।’
তবে শনিবার রাত পৌনে দশটায় আবার থানায় ফোন করলে তা ধরলেন দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম। তাঁর কাছে ফোন নষ্টের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ফোন তো নষ্ট ছিল। এখন তো দেখছি ঠিক হয়ে গেছে।’ কখন ঠিক হলো জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো রাত আটটা থেকে দায়িত্বে এসেছি। এর অগে বোধ হয় কেউ ঠিক করে গেছে। বিস্তারিত খোঁজ নিয়ে বলতে হবে।’
বিষয়টি নিয়ে আবার টেলিফোন এক্সচেঞ্জে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাসতে হাসতে বলেন, ‘ঈদের ছুটি তো। বাকিটা বুঝে নেন।’