থানার ভেতর থেকে গাড়ির মালামাল চুরি
ঢাকার সাভার মডেল থানার ভেতর থেকে একটি মাইক্রোবাসের চাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। মামলার আলামত হিসেবে আটকের পর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় এসব মালামাল চুরি হয়। সাভার থানা সূত্র জানায়, মাস চারেক আগে মাইক্রোবাসযোগে ঢাকার দিকে যাওয়ার পথে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে কয়েকজন সহযোগীসহ আবু সাঈদ (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর (আবু সাঈদ) মালিকানাধীন মাইক্রোবাসটিও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর ওই মাইক্রোবাসটি রাখা হয় থানা ভবনের মূল ফটকের সামনে। আবু সাঈদ সাভারের রাজাসন এলাকার আবদুল আলিমের ছেলে। তিনি ভাড়ায় গাড়ি ব্যবসার (রেন্ট এ কার) পাশাপাশি মৌসুমি ফলের ব্যবসা করেন। আবু সাঈদ জানান, জামিনে ছাড়া পাওয়ার পর তিনি থানা হেফাজতে থাকা গাড়িটি নিজের হেফাজতে নেওয়ার জন্য গত ১ জানুয়ারি ঢাকার বিচারিক হাকিমের আদালতে আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই দিনই এক আদেশে সাত দিনের মধ্যে গাড়িটি মালিকের কাছে হস্তান্তরের জন্য মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী গাড়ি গ্রহণ করতে গিয়ে তিনি দেখেন, গাড়ির সামনের ডান দিকের চাকা, লুকিং গ্লাস, মনিটর ও ব্যাটারি নেই। বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিনকে জানানো হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সাঈদ আরও জানান, তাঁদের গ্রেপ্তারের পর পুলিশ গাড়িটি চালিয়ে থানায় নিয়ে আসে। এরপর আরও লোকজন ধরতে পুলিশ গাড়িটি আবার থানার বাইরে নিয়ে যায়। পরে গাড়িটি পুলিশের হেফাজতে রাখা হয়। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাঁর গাড়ি থেকে চাকাসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে এসআই জালাল বলেন, ‘এসআই এমদাদ হোসেন গাড়িটি আটক করে মালখানা কর্মকর্তাকে বুঝিয়ে দেন। আর মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় আমাকে। তাই মামলার আলামত হিসেবে আটক গাড়িটির কোনো মালামাল খোয়া গেলে তা আমার দেখার দায়িত্ব নয়।’ মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবদুল আজিজ বলেন, ‘আমি গাড়িটি যে অবস্থায় পেয়েছি, সেই অবস্থায়ই ছিল। আমার জানামতে কোনো মালামাল খোয়া যায়নি। তবে গাড়ির মালিকের পক্ষ থেকে চাকাসহ বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার কথা বলা হয়েছিল বলে আমি শুনেছি।’