থানার ভেতরেই এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলা
বগুড়া সদর থানা ভবনের ভেতরেই গত বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের এক পক্ষের নেতাদের হামলায় অন্য পক্ষের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (এ-সার্কেল) আরিফুর রহমানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জানা যায়, গত বুধবার রাত পৌনে ১২টায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কামরুল আলম একটি অভিযোগ নিয়ে থানার সহকারী উপপরিদর্শকদের (এএসআই) কক্ষে বসে ছিলেন। এ সময় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লফিত মণ্ডল লোকজন নিয়ে সেখানে উপস্থিত হলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল লফিত মণ্ডল ও তাঁর লোকজন কামরুল এবং তাঁর সঙ্গে থাকা খোকন মিয়া ও শহিদুল ইসলামের ওপর হামলা চালান। তাঁরা থানার ভেতরে হামলা চালিয়ে নির্বিঘ্নে চলে যান। এ সময় থানায় দুজন কনস্টেবল ও একজন এএসআই ছিলেন। তাঁরা বাধা দিতে গেলে তাঁদেরও নাজেহাল করা হয়। তবে গত বৃহস্পতিবার দায়িত্বরত কনস্টেবলেরা নাজেহাল হওয়ার কথা অস্বীকার করেন।বগুড়া সদর থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, ঘটনার সময় তিনি ও দ্বিতীয় কর্মকর্তা থানায় ছিলেন না। শুধু দায়িত্বরত কর্মকর্তা ছিলেন। এ ব্যাপারে দুটি মামলা হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওসি দাবি করেন, থানার ভেতরে নয়, মারধরের ঘটনা ঘটেছে থানার ফটকে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কামরুল আলম বলেন, ঘটনার দিন সন্ধ্যায় আবদুল লতিফ মণ্ডলের বাহিনী বগুড়ার পুরোনো বাস টার্মিনালে মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পেছনে তাঁর আমবাগানে হামলা করে। রাতে তিনি থানায় এ ব্যাপারে অভিযোগ দিতে গিয়েছিলেন। আবদুল লফিত মণ্ডল পাল্টা অভিযোগ করেন, থানায় কাজে যাওয়ার পথে থানার ফটকে কামরুল আলম তাঁকে লাঞ্ছিত করেন। তবে তাঁরা কোনো হামলা করেননি।