থানার সামনে থেকে ইজিবাইক স্ট্যান্ড সরিয়ে নেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সামনে থেকে অবশেষে নিষিদ্ধ ইজিবাইক স্ট্যান্ড সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার থানার সামনে গিয়ে দেখা যায়, একটি ব্যানারে লেখা রয়েছে ‘এখানে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। আদেশক্রমে থানা পুলিশ।’
এ ব্যাপারে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় যানজটের কারণে থানার সামনে ইজিবাইক ছাড়াও অন্য যানবাহনগুলোও অবস্থান নেয়। তবু পত্রিকায় প্রতিবেদন ছাপা হওয়ার পরে আমরা ব্যানারে লিখে সবাইকে সতর্ক করে দিয়েছি।’
গত ২৭ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘থানার সামনেই ইজিবাইকের স্ট্যান্ড!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ইপিজেড থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে চলাচলকারী ইজিবাইকগুলো প্রতিদিন সকালে থানার সামনে এসে অবস্থান নেয়। এখান থেকে যাত্রী নিয়ে গন্তব্যে ছুটে যায়। আবার ফিরে এসেও এখানে দাঁড়িয়ে থাকে।
থানার সামনে থেকে ইজিবাইক স্ট্যান্ড সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার কমিশনারের কার্যালয়ে যানজট, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতেও কমিশনার মহোদয় রাস্তা যানজটমুক্ত রাখার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং কাউকে কোনো ধরনের অনৈতিক কাজে যুক্ত না হওয়ার ব্যাপারেও সতর্ক করে দেন।’