থানার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ আহত ২৫
ময়নাতদন্ত ছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত এক ছাত্রের লাশ নেওয়ার দাবিকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিন থানার সামনে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার এ ঘটনায় ১১ পুলিশসহ ২৫ জন আহত হন।পুলিশ বাদী হয়ে ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। আটক হয়েছেন চারজন।প্রত্যক্ষদর্শীরা জানান, বোরহানউদ্দিন উপজেলার কালীহাট সড়কে গত শনিবার দুপুরে একটি অবৈধ ট্রাক্টরচালিত মালবাহী গাড়ির (ট্রলি) চাপায় সোহাগ (১৩) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার দাবিতে গতকাল সকাল নয়টায় ওই ছাত্রের আত্মীয়স্বজন ও ট্রলির শ্রমিকেরা মিছিল করেন। মিছিলটি বোরহানউদ্দিন থানায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফোরকান আলী, মাইনুল ইসলাম, খায়রুল ইসলাম; সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন; কনস্টেবল রবিউল, মাসুদ করীম, আবুল কালাম, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, এনায়েত হোসেন, শফিকুল ইসলামসহ ২৫ জন আহত হন।