থানার সামনে বাংকার, ঢোকার মুখে জেরা

রাজধানীর পল্লবী থানার প্রধান ফটকে টিনের চালার নিচে বালুর বস্তা দিয়ে ঘেরা। এর ভেতর একজন আনসার বসে আছেন। একটা শটগান বাইরের দিকে তাক করা। থানা-পুলিশ একে ‘বাংকার’ বলছে।
জঙ্গি হামলা ঠেকাতে শুধু পল্লবী নয়, রাজধানীর বেশির ভাগ থানার সামনে পুলিশ এভাবে বাংকার তৈরি করেছে। সেখানে পালা করে পাহারা দিচ্ছেন দুজন পুলিশ বা আনসার সদস্য।
গতকাল শনিবার বিকেলে দেখা যায়, পুলিশ সদস্যরা থানায় আসা লোকজনকে প্রধান ফটকে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ আগতদের নাম-ঠিকানা ও থানায় আসার কারণ জানতে চাইছে। সন্তোষজনক জবাব পেলে সেবাপ্রার্থীদের থানায় ঢুকতে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আগে সহজেই থানায় ঢোকা যেত। কিন্তু এখন চিত্র পাল্টে গেছে। এখন থানায় ঢোকার মুখে নানা ধরনের জেরার মুখে পড়তে হচ্ছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন সরকার বলেন, সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় থানাগুলোতে এমন কড়াকড়ি।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহাম্মদ গতকাল প্রথম আলোকে বলেন, মিরপুর বিভাগের ছয় থানাতেই বাংকার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা বলেন, গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা ও কল্যাণপুরে জঙ্গি আস্তানা পাওয়ার পর পুলিশ রাজধানীর সব থানার সামনে বাংকার তৈরি করে নিরাপত্তা জোরদার করেছে।
শেরেবাংলা নগর থানায় গতকাল রাতেই বাংকার দেখা গেল। প্রায় ৫০টি বালুর বস্তা দিয়ে বানানো বাংকারে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। শেরেবাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস প্রথম আলোকে বলেন, এটা আপৎকালীন বন্দোবস্ত।
শেরেবাংলা নগর থানায় আসা এক ব্যক্তি জানান, এখন আগের মতো থানায় প্রবেশ করা যায় না। ফটকের মুখে কর্মকর্তারা জানতে চান, কার কাছে যাবেন। সেটা বিস্তারিত জানার পরই ভেতরে প্রবেশের অনুমতি মেলে।
গুলশান হামলার পর বনানী থানায়ও পুলিশ বাংকার নির্মাণ করেছে। কয়েক দিন আগে থানায় গেলে দেখা যায়, থানার করিডরে পুলিশের এক কনস্টেবল সাবমেশিনগান নিয়ে দাঁড়িয়ে আছেন। এ ছাড়া থানায় কেউ প্রবেশ করতে গেলে জিজ্ঞাসাবাদ করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শেখ মুহম্মদ মারুফ হাসান গতকাল প্রথম আলোকে বলেন, গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার আগে পুলিশের কাছে তথ্য ছিল, দেশের উত্তরাঞ্চল থেকে কিছু জঙ্গি ঢাকায় ঢুকছে পুলিশের স্থাপনায় হামলা চালাতে। এই তথ্যের ভিত্তিতে ডিএমপির সব থানায় নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর পাশাপাশি বাংকার করার উদ্যোগ নেওয়া হয়। গুলশানে হামলা ও কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের পর থানাসহ বিভিন্ন স্থাপনায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জঙ্গি ধরতে একই সঙ্গে সন্দেহজনক মেস ও বাসাবাড়িতে ব্লক রেইড দেওয়া হচ্ছে।