থানার সামনে বোমা ফাটিয়ে জুয়েলারি দোকানে ডাকাতি
যশোরের কোতোয়ালি থানা কার্যালয়ের সামনে গতকাল সোমবার দুপুরে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর গতকালই মাগুরা থেকে ডাকাত দলের সাত সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার। ডাকাতদের বোমার আঘাতে মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুল ইসলাম এবং পরিতোষ নামে যশোর শহরের মাইকপট্টি এলাকার এক ব্যবসায়ী গুরুতর হয়েছেন। নুরুল ইসলামকে মাগুরা সদর হাসপাতালে এবং পরিতোষকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে একটি মাইক্রোবাস নিয়ে সাত-আটজন লোক ক্রেতা সেজে কাপুড়িয়াপট্টির বাণী জুয়েলার্সে আসে। এদের মধ্যে একজন হঠাৎ পিস্তল বের করে দোকানের স্বত্বাধিকারী স্বপন কুমার চন্দের বুকে ঠেকায়। অন্যরা স্বর্ণালংকার লুটপাট করতে থাকে। এরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা মাইক্রোবাসে উঠে পালিয়ে যায়। ডাকাতি করে পালানোর পথে বিকেলে মাগুরার ইছাখাদা দরগা এলাকায় স্থানীয় লোকজন প্রথমে চার ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে রাতে একই এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।