নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার প্রধান ফটকে সব সময় পাহারায় থাকে পুলিশ৷ এর মধ্যেই ফটকের মাত্র ১০ গজ দূর থেকে গতকাল রোববার সকালে তোতা মিয়া নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, তোতাকে ওই থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) গত শনিবার সন্ধ্যায় মুঠোফোনে ডেকে নেন৷ পরে তাঁকে হত্যা করা হয়৷
তোতাকে থানায় ডেকে নেওয়ার কথা স্বীকার করলেও হেমায়েত হোসেন নামের ওই এএসঅাই এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন৷
পুলিশ ও ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানা গেছে, তোতার বাড়ি (৩৮) উপজেলার মীরেরবাগ গ্রামে৷ তিনি জমি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন৷ গতকাল সকাল সাতটার দিকে পুলিশের কয়েকজন সদস্য গোসল করতে থানার প্রধান ফটকের সামনে মেনীখালী নদীর পাড়ে থানার নিজস্ব পাকা ঘাটে ওই লাশ পড়তে থাকতে দেখেন৷ লাশের চোখের ডান পাশে ও মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে৷ পরে তোতার স্ত্রী লিলি আক্তার লাশটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন৷
লিলি প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী তোতাকে গত শনিবার সন্ধ্যায় এএসআই হেমায়েত মুঠোফোনে থানায় ডেকে পাঠান৷ রাতে তাঁর স্বামী আর বাড়ি ফেরেননি। তিনি আরও বলেন, এএসআই হেমায়েত সম্প্রতি তাঁদের গ্রামের পাশে একটি জমি কেনেন৷ এ কেনার প্রক্রিয়ায় মধ্যস্থতা করেন তোতা৷ এর জেরেই তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে৷
লিলি বলেন, জমিটির মালিকানা নিয়ে জমির দাবিদার দুজন মালিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এএসআই হেমায়েত জমির মালিকদের এ বিরোধকে পুঁজি করে অল্প কিছু টাকায় বায়না দিয়ে চার দিন ধরে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের সদস্যরা এ ঘটনায় একটি মামলার এজাহার লিখে এতে লিলি আক্তারের স্বাক্ষর নেন। এজাহারে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসািম দেখানো হয়েছে৷ এজাহারের এক অংশে লেখা রয়েছে, লিলির স্বামীর সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী বাচ্চু মিয়া ও খোকন মিয়া নামের দুজনের বিরোধ চলছিল৷
এ ব্যাপারে লিলি বলেন, ‘পুলিশের তৈরি করা এজাহারে স্বাক্ষর দিতে বলার পর আমি তাতে স্বাক্ষর দিয়ে চলে আসি৷ জমি নিয়ে প্রতিবেশী কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই৷ আমার স্বামীকে হত্যা করা হয়েছে৷ এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হোক৷’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, থানার প্রধান ফটকের সামনে সব সময় পুলিশ পাহারায় থাকে। থানার ওই ঘাটে পুলিশের সদস্য ছাড়া কেউ গোসল করতে যান না। এ ছাড়া, পুলিশের সদস্যরা প্রায় সময়ই ঘাটের পাকা স্থানে বসে বিশ্রাম করেন। তঁাদের অভিযোগ, পুলিশই এতে জড়িত৷
স্থানীয় জামপুর মাঝেরচর বাজারের ব্যবসায়ী আমজাদ সরদার বলেন, ‘থানার সামনে এ ধরনের ঘটনা ঘটাতে অন্য কারও সাহস পাওয়ার কথা নয়। পুলিশই এ ঘটনা ঘটিয়েছে৷ এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার না হলে আমরা ব্যবসায়ীরা একত্র হয়ে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
এএসআই হেমায়েত বলেন, ‘অন্য একটি বিষয়ে কথা বলার জন্য তোতাকে থানায় আসার জন্য বলেছিলাম৷ আমার সঙ্গে দেখা করে থানার বাইরে যাওয়ার পর কী ঘটেছে তা আমার জানা নেই।’ তিনি আরও বলেন, ‘আমি তোতার মাধ্যমে জমিটি আমার ভাইয়ের নামে ক্রয় করার জন্য বায়নার টাকা দিয়ে সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করেছি।’