থানার সামনেই ইজিবাইকের স্ট্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ইজিবাইকের স্ট্যান্ড বানানো হয়েছে চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সামনে। ইপিজেড থেকে বিমানবন্দর সড়কে চলাচলকারী ইজিবাইকগুলো প্রতিদিন সকালে এসে এখানে দাঁড়ায়। এখান থেকে যাত্রী নিয়ে ছুটে যায় গন্তব্যে। আবার ফিরে এসেও অবস্থান নেয় থানার সামনে।
অভিযোগ রয়েছে, নির্দিষ্ট রুটে চলাচলের জন্য ইপিজেড এবং পতেঙ্গা থানার পুলিশকে মাসোহারা দিয়ে নির্বিঘ্নে চলাচলের সুযোগ পাচ্ছে এসব যান।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি অনুসন্ধান করে দেখছি এবং এর সঙ্গে পুলিশ বিভাগের লোকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন বলেন, ‘আমাদের বিধান অনুযায়ী ইজিবাইক মূল সড়ক এবং মহাসড়কে চলাচল নিষিদ্ধ। এসব যানবাহন সম্পূর্ণভাবে অবৈধ। আমরা এদের কোনো লাইসেন্স দেই না।’
এর পরেও কীভাবে চলছে—এ প্রশ্নের জবাবে জামাল উদ্দিন বলেন, ‘কোনো যানবাহন নিয়মকানুন মেনে রাস্তায় চলছে কি না, সেটি তদারক করে পুলিশ প্রশাসন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই আমাদের।’
জানা যায়, তিন চাকার ইজিবাইকগুলো নগরের ইপিজেড থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে নিয়মিত চলাচল করছে। এ রুটের মধ্যে পড়ছে বন্দরটিলা, স্টিল মিল, হাসপাতাল কলোনি, কাঠগড়, সিমেন্ট ক্রসিং, ১৫ নম্বর ও পতেঙ্গা সৈকত এলাকা। মালিক সমিতি ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ব্যাটারি ও সিএনজিচালিত ইজিবাইকের সংখ্যা প্রায় সাড়ে তিন শ। প্রতিদিন গড়ে পাঁচটি করে নতুন বাইক এর সঙ্গে যুক্ত হচ্ছে।
তিন সমিতির নিয়ন্ত্রণে চলছে: ইজিবাইকগুলো চলছে তিনটি সমিতির নিয়ন্ত্রণে। এগুলো হচ্ছে, চট্টগ্রাম জেলা আওয়ামী মোটরচালক লীগ-২৬৫৯, চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন-১৪৪১ এবং চট্টগ্রাম জেলা অটোটেম্পো-অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-১৪৮৭। প্রতিটি সমিতির নিজস্ব রেজিস্ট্রেশন নম্বর লেখা থাকে এসব যানে।
চালক-মালিক সূত্রে জানা গেছে, প্রতিটি সমিতির সদস্য ফি ছয় হাজার টাকা। এ ছাড়া প্রতি মাসে দুই হাজার টাকা (থানা-পুলিশ, স্থানীয় কাউন্সিলরকে ম্যানেজ করার জন্য) এবং দৈনিক ৪০ টাকা করে দিতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সমিতির নেতা জানান, ‘আমরা প্রতি মাসে পতেঙ্গা থানাকে ১২ হাজার ও ইপিজেড থানাকে ১০ হাজার, দুই থানার দুজন টিআইকে (ট্রাফিক ইন্সপেক্টর) ১৫ হাজার করে ৩০ হাজার এবং দুজন ওয়ার্ড কাউন্সিলরকে ১২ হাজার করে ২৪ হাজার টাকা দিয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছি। সদস্য ফি এবং প্রতি মাসের টাকার বেশির ভাগই এসব খাতে খরচ হয়ে যায়।’
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর বলেন, এটি কোনো স্ট্যান্ড নয়, এরা গাড়ি ঘোরানোর সময় দাঁড়ানোর জায়গা না পেয়ে এখানে দাঁড়ায়। বিষয়টি ট্রাফিক বিভাগ অবগত আছে। অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করে আবুল মনসুর বলেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন।
সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, ‘কেউ যদি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত হয়, আপনারা তাদের বিরুদ্ধে লেখেন। করপোরেশন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’