থানার হাজতে আত্মহত্যার চেষ্টা যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজারে স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার যুবক মতিউর রহমান গতকাল বুধবার রমনা থানার হাজতে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রমনা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাফাত আরা সুলতানা জানান, মাহবুবুর হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মতিউরকে ২৬ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। গতকাল ছিল রিমান্ডের দ্বিতীয় দিন। বেলা তিনটার দিকে মতিউর থানা হাজতে ছিলেন। এ সময় তিনি ব্লেড দিয়ে নিজের গলা কাটার চেষ্টা চালান। তাঁর চিৎকার শুনে কর্তব্যরত পুলিশ সদস্যরা ছুটে গিয়ে তাঁর হাত থেকে ব্লেডটি কেড়ে নেন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, মতিউরের গলার ক্ষত বেশি গভীর নয়। তিনি আশঙ্কামুক্ত।

থানার হাজতে মতিউরের হাতে কীভাবে ব্লেড পৌঁছাল—এমন প্রশ্নে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তাঁরা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি বলেন, গতকাল আদালতে মতিউরের ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার কথা ছিল। কিন্তু আদালতে নেওয়ার পর তিনি জবানবন্দি দেননি। তাঁকে থানায় ফেরত নেওয়ার পর তিনি ঘটনাটি ঘটান।

২৩ জানুয়ারি সন্ধ্যায় মগবাজারের মসজিদ গলিতে মাহবুবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর ভাগনে আলমগীরের দাবি, মাহবুব মোটরসাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এরপর তাঁকে রামদা দিয়ে কুপিয়ে তারা পালিয়ে যায়।