থানার 'লাইনম্যান' পদ পেতে আ.লীগ নেতাদের দৌড়ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর থানায় অঘোষিত ‘লাইনম্যান’ পদ পেতে সরকারি দল সমর্থিত কয়েকজন নেতা দৌড়ঝঁাপ শুরু করেছেন৷ পদটির জন্য তাঁরা সরকারদলীয় স্থানীয় এক নেতা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে তদবির করছেন বলেও অভিযোগ উঠেছে৷
লাইনম্যান পদে একাধিক প্রার্থী থাকায় পুলিশের মাসোহারার ইজারার ডাকও চার গুণ বেড়ে গেছে৷ তবে এখন পর্যন্ত এ পদে কাউকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়নি বলে থানার একটি সূত্র নিশ্চিত করেছে৷
স্থানীয় লোকজন জানান, চোরাকারবািররা আক্কেলপুরকে ট্রানজিট হিসেবে ব্যবহারের জন্য ভারতীয় শািড়, থ্রিপিস, মসলা, মাদকসহ বিভিন্ন পণ্য ট্রেন ও বাসে করে নিয়ে আসে৷ দিনাজপুরের হিলি বন্দর থেকে আনা এসব চোরাইপণ্য আক্কেলপুর শহরের রেলস্টেশন, রেলগেট, পূর্ব আমুত্তসহ বিভিন্ন স্থানে খালাস করা হয়৷ পরে তা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়৷ পণ্য ওঠানামার সময় লাইনম্যান ও তাঁর লোকজন চাঁদা আদায় করেন৷ এ ছাড়া চিহ্নিত চোরাকারবািরদের কাছ থেকেও টাকা তোলা হয়৷ থানার নিয়োগকৃত ওই লাইনম্যানকে মাসোহারা দিলে পুলিশ চোরাকারবারিদের গ্রেপ্তার বা পণ্য আটক করে না৷
থানা-পুলিশের একটি সূত্র ও রাজনৈতিক দলের কয়েকজন নেতা জানান, নতুন সরকার এলে দলের লোকজনকে লাইনম্যান পদে অলিখিতভাবে নিয়োগ করা হয়৷ মূল লাইনম্যান আড়ালে থেকে তাঁর আস্থাভাজন লোকজন দিয়ে চাঁদা তোলেন৷ এত দিন থানার অঘোষিত ওই পদে লোক নিয়োগের বিষয়টি গোপন ছিল৷ আওয়ামী লীগ নেতাদের অনুরোধে ওই পদে থাকা উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুজ্জামানকে সম্প্রতি লাইনম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ আশরাফুজ্জামান ২০০৮ থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত লাইনম্যানের দায়িত্ব পালন করেছেন৷ সম্প্রতি ওই পদের জন্য নেতা-কর্মীরা দৌড়ঝাঁপ শুরু করলে লাইনম্যান নিয়োগের বিষয়টি জানাজানি হয়৷
থানার একাধিক পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, আশরাফুজ্জামানকে লাইনম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পর পৌর আওয়ামী লীগের পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি ডি এম লোকমান হোসেন ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সমর্থক আসলাম হোসেনসহ কয়েকজন ওই পদটি পেতে তদবির করছেন৷ আগের লাইনম্যান প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে থানায় মাসোহারা দিতেন৷ এখন লাইনম্যান পদে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায় প্রতিমাসে মাসোহারার ডাক ২০ হাজার টাকায় উঠেছে৷ তবে এখনো কাউকে লাইনম্যান পদে চূড়ান্ত করা হয়নি৷
আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বলেন, লাইনম্যানের পদটি অবৈধ হলেও থানায় দীর্ঘদিন ধরে তা চালু আছে৷ আগে একজন লাইনম্যান ছিলেন। তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এ কারণে তিনি নিজেই লাইনম্যানের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন৷ নিজের নামে লাইনম্যানের দায়িত্ব নিলেও দলের বেকার ছেলেদের তিনি ওই কাজে লাগাবেন বলে জানান৷
আসলাম হোসেন বলেন, ‘আমি বেকার আছি৷ তাই লাইনম্যানের কাজ করতে চেয়েছিলাম৷ কিন্তু লোকমান হোসেনও লাইনম্যানের কাজ চাইছেন৷ থানা-পুলিশ এখনো কাউকেই লাইনের টাকা তোলার অনুমতি দেয়নি৷’
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী বলেন, অবৈধ কোনো কাজেই দল কাউকে সমর্থন করবে না৷
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, লাইনম্যান বলে থানায় কোনো পদ নেই৷ ওই পদের জন্য কারও তদবির করার প্রশ্নই আসে না৷ থানা-পুলিশের নামে কেউ চোরাকারবারিদের কাছ থেকে টাকা নিলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷