বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় পুলিশ হেফাজতে থাকা এক নারী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত রোববার রাত সাড়ে আটটার দিকে সাতটি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়। তাঁর নাম নুরুচ্ছফা বেগম (৪৫)। তাঁর বাড়ি উপজেলা সদরের মহাজনপাড়ায়। পুলিশের ধারণা, ওই নারী পাচারের জন্য ইয়াবা খেয়ে থাকতে পারেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আটকের পর ওই নারী থানাহাজতে ছিলেন। তিনি বারবার শৌচাগারে যাচ্ছিলেন। রাত দেড়টার দিকেও একবার শৌচাগারে যান। অনেকক্ষণ পরও ফিরে আসায় এক নারী পুলিশ শৌচাগারে গিয়ে দেখেন, সেখানে অচেতন অবস্থায় পড়ে রয়েছেন তিনি। দ্রুত তাঁকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, মৃত্যুর পর ওই নারীর কাপড়ে পাঁচটি ইয়াবা পাওয়া যায়। সম্ভবত শৌচাগারে গিয়ে লুকিয়ে রাখা ইয়াবা তিনি খেয়েছেন। মৃত্যুর পরে তাঁর পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুলতান আহমদ সিরাজী বলেন, নাইক্ষ্যংছড়ির এক নারীকে রাতে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।