থানাহাজতে আসামিকে নির্যাতনের অভিযোগ
যশোরের ঝিকরগাছা থানাহাজতে সিরাজুল ইসলাম ওরফে নবাব নামের এক ব্যক্তির ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল রোববার তাঁর ভাই যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজুলের ভাই রুস্তম মিয়া বলেন, যশোরের ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের কর্মকর্তারা সিরাজুলের গোপন অঙ্গে মোমবাতির আগুনের ছ্যাঁকা দেন। তিনি ওই পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেন।অভিযোগ পাওয়ার পর এই প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগারে গিয়ে সিরাজুলের কাছে ঘটনা জানতে চান। সিরাজুলের ভাষ্যমতে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা থানার পুলিশ পাঁচপোতা বাজার থেকে তাঁকে আটক করে থানা হাজতে নেয়। রাত সাড়ে ১১টার দিকে এএসপি আনিছুর হাজতে আসেন। এ সময় এএসপির সঙ্গে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, উপপরিদর্শক (এসআই) ওমর শরীফসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাঁরা সিরাজুলকে মারধর করেন। একপর্যায়ে এএসপি আনিছুর রহমান মোমবাতি, মরিচের গুঁড়া ও গরম পানি আনার জন্য এসআই ওমরকে নির্দেশ দেন। এরই মধ্যে তাঁর (সিরাজুল) চোখ বেঁধে ফেলা হয়। পরে দুজন মিলে তাঁর দুই পা চেপে ধরেন এবং আরেকজন তাঁর গোপন অঙ্গে মোমবাতির ছ্যাঁকা দেন।জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে এএসপি আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি রাজনীতি ও বিভাগীয় ষড়যন্ত্রের শিকার। হত্যা মামলার ওই আসামিকে বাঁচাতে স্থানীয় একজন রাজনীতিক নাটক সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমার সামনে আগুনে ছ্যাঁকা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।’ঝিকরগাছা থানার ওসি এনামুল হক বলেন, ‘আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। একটা অভিযানে ছিলাম।’ এসআই ওমর শরীফ বলেন, ‘নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি।’যোগাযোগ করা হলে পুলিশ সুপার কামরুল আহসান জানান, অভিযোগ তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ঝিকরগাছা থানা সূত্রে জানা যায়, গত বছরের ৮ নভেম্বর ঝিকরগাছার নিশ্চিন্তপুর গ্রামের রবিউল ইসলাম নামের এক যুবককে অপহরণের পর খুন করা হয়। ওই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলার সম্পূরক এজাহারভুক্ত আসামি সিরাজুল ইসলাম। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই শরীফকে। ওই মামলায় সিরাজুলকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এএসপি আনিছুর রহমান জানান, মুঠোফোন ট্র্যাকিং করে জানা গেছে, রবিউল ইসলাম খুন হওয়ার পর তাঁর মুঠোফোনটি সিরাজুল ব্যবহার করতেন। তিনি স্থানীয় যুবলীগের এক নেতার ভাই। তাই সিরাজুলকে না ধরার জন্য রাজনৈতিক চাপও ছিল।