থানাহাজতে আসামির মৃত্যু তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা থানাহাজতে গতকাল শুক্রবার সকালে কাজল মণ্ডল (৩০) নামের এক আসামির মৃত্যু হয়েছে। কাজল কুষ্টিয়ার ইবি থানার রাজাপুর গ্রামের জুলহাস মণ্ডলের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ওই হাজতির মৃত্যুর কারণ খুঁজে বের করতে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রেনিং) প্রত্যুষ কুমার মজুমদার। আর সদস্য রয়েছেন ঝিনাইদহ কোর্ট পুলিশ পরিদর্শক আবদুল বারী ও গোয়েন্দা বিভাগের ওসি এস এম ইকবাল আহম্মদ।
শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ভাটাই বাজার এলাকা থেকে ২০ পুরিয়া গাঁজাসহ কাজলকে আটক করা হয়। পরে জানা যায়, তাঁর নামে ইবি থানায় আরও একটি মাদক মামলা রয়েছে। সেই মামলায় তিনি ফেরার ছিলেন। কাজল মণ্ডল নেশাগ্রস্ত ছিলেন। ওসি আরও জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে থানাহাজতের বাথরুমে পানির পাইপের সঙ্গে গলায় লুঙ্গি দিয়ে কাজল মণ্ডল আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে দ্রুত তাঁকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আহম্মেদ বলেন, রোগী হাসপাতালে আসার আগেই মারা গেছেন।