থানাহাজতে এক আসামির মৃত্যু, স্বজনের দাবি হত্যা
সিরাজগঞ্জের কামারখন্দ থানাহাজতে গতকাল বুধবার ভোরে বাবু মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ বলেছে, বাবু আত্মহত্যা করেছেন। তবে তাঁর স্বজনদের দাবি, নির্যাতনে বাবুর মৃত্যু হয়েছে।
বাবুর বাড়ি উপজেলার ধোপাকান্দি গ্রামে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা চুরির একটি মামলায় বাবুকে গত মঙ্গলবার বিকেলে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার বাগান থেকে আটক করা হয়।
ভোর সাড়ে ছয়টার দিকে বাবুকে থানা-হাজতের শৌচাগারের ভেন্টিলেটরের (ঘুলঘুলি) রডের সঙ্গে টি-শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাবুর ভাই আবদুল জলিল প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে ফোন করে বলেন, ‘আপনার ভাই অসুস্থ। তাঁকে (বাবু) হাসপাতালে নিতে হবে। আপনারা থানায় আসুন।’ জলিল আরও বলেন, ‘পরবর্তী সময়ে আমরা এসে ভাইয়ের লাশ দেখতে পাই। তাঁর থুতনিতে আঘাতের চিহ্ন আছে। পুলিশি নির্যাতনে আমার ভাই বাবুর মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
কামারখন্দ থানার ওসি বাবুল সর্দার বলেন, বাবুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও মাদক সেবনের অভিযোগ রয়েছে। অটোরিকশা চুরির মামলায় তাঁকে আটক করা হয়। রাতে তিনি নেশার জন্য ছটফট করছিলেন। নেশার দ্রব্য না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বাবুর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাক্বিন সাত্তি বলেন, সকাল সাড়ে সাতটার দিকে রোগীকে (বাবু) হাসপাতালে আনা হয়। তখন তাঁর নাড়ির স্পন্দন নির্ণয় করা যাচ্ছিল না। এ কারণে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের চিকিৎসক মো. আকরামুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, তাঁকে (বাবু) মৃত অবস্থায় এখানে আনা হয়।
বাবুর মৃত্যুর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন রায়গঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন ও গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক জিয়াউল হাসান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় অপমৃত্যুর মামলা করেছে।