থানাহাজতে প্রতিবন্ধী আসািমর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার হাজত থেকে গতকাল শনিবার রুহুল আমিন নামের এক প্রতিবন্ধী আসামির ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বেলছে, তিনি আত্মহত্যা করেছেন৷ তবে তাঁর পরিবারের দাবি, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে৷
নগরের নামোভদ্রা এলাকার নাজের আলীর ছেলে রুহুল আমিন (৩৫)। গত শুক্রবার বিকেলে গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর হাঁটুর নিচ থেকে বাঁ পা নেই। তিনি কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করতেন।
রুহুল আমিনের বড় ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ভাইকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, তাঁর ভাই রাতে মারা গেছেন। কিন্তু তাঁদের কোনো খবর দেওয়া হয়নি। সকালে তাঁরা ঘটনাটি জানতে পারেন৷
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছায়েদুর রহমান ভূঁইয়া জানান, নগরের নামোভদ্রা এলাকার কাঁচাবাজার থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানাহাজতেই রাখা হয়েছিল। হাজতখানার মধ্যে কম্বলের ছেঁড়া অংশ গলায় পেঁচিয়ে টয়লেটের ভেন্টিলেটরের রডের সঙ্গে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
ওসি বলেন, রুহুল আমিন হাজতখানায় একাই ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত কনস্টেবল হাজতের মধ্যে দীর্ঘ সময় তাঁকে দেখতে না পেয়ে ভেতরে ঢোকেন। পরে টয়লেটের দরজা খুলে দেখেন, রুহুল আমিন ভেন্টিলেটরের রডের সঙ্গে ঝুলে আছেন। পরে সকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর লাশ নামানো হয়। তিনি জানান, রুহুল আমিনের বিরুদ্ধে তিনটি মাদকের মামলা রয়েছে৷ এ ছাড়া শুক্রবার গ্রেপ্তারের পর একটি মামলা করা হয়৷