থানাহাজতের গ্রিল ভেঙে আসামির পলায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর থানাহাজতের ছিনতাই মামলার এজাহারভুক্ত এক আসামি পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আসামি পলায়নের এ ঘটনায় একটি মামলা হয়েছে।পালিয়ে যাওয়া আসামির নাম শুভঙ্কর সুমন (২৬)। তাঁর বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার পশ্চিম গন্ধপপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরে ভাষ্যমতে, শুভঙ্করসহ চার-পাঁচ যুবকের একটি দল গত বুধবার রাতে খুলনার নিরালা এলাকা থেকে একটি মোটরসাইকেল (বাগেরহাট-ল-১১-০৫৬৫) ছিনতাই করে পালিয়ে যায়। পরের দিন বেলা আড়াইটার দিকে উপজেলার জলকর রোহিতা গ্রাম এলাকায় পৌঁছালে শুভঙ্করের কাছে থাকা মোটরসাইকেলটির জ্বালানি শেষ হয়ে যায়। এ সময় তিনি জ্বালানির ট্যাঙ্কের ছিপি ভেঙে পেট্রল ভরার চেষ্টা করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তারা শুভঙ্করকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে শুভঙ্করকে আটকের খবর পেয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলের মালিক সরবুজ্জামান বৃহস্পতিবার খুলনা সদর থানায় মামলা করেন। তবে ওই রাতেই মনিরামপুর থানাহাজতের গ্রিল ভেঙে পালিয়ে যান শুভঙ্কর। মনিরামপুর থানার এএসআই হেলালুজ্জামান বলেন, ‘ঘটনার সময় আমি থানার দায়িত্ব কর্মকর্তা ছিলাম। তবে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না।’ ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) রেশমা শারমিন ঘটনার তদন্ত করেছেন।এএসপি রেশমা শারমিন বলেন, আসামি পলায়নের ঘটনায় মনিরামপুর থানার উপপরিদর্শক হেলালুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।