থানায় অভিযোগ দেওয়ায় বাদীর স্ত্রী ও শাশুড়িকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ায় বাদীর স্ত্রী ও শাশুড়িকে মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগ দেওয়ায় প্রতিপক্ষের লোকজন বাড়িতে এসে তাঁদের তিন দফায় মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ববিতা খাতুন (২৫) নামে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে গত শনিবার বিকেলে হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। প্রতিপক্ষের লোকজন ববিতার মা রেজিয়া খাতুনকেও (৫৫) মারধর করেছে। ববিতা শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের পোষী গ্রামের তালপুকুরপাড় এলাকার আবদুস সোবাহানের স্ত্রী। আবদুস সোবাহান পেশায় একজন রংমিস্ত্রি। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী চিকিৎসক সোহেল রানা বলেন, মারধরের কারণে ববিতার দাঁত নড়ে গেছে। তাঁর শরীরেও একাধিক জখম রয়েছে।
আবদুস সোবাহান বলেন, প্রতিবেশী চান্দু মিয়া ছয় শতাংশ জমি কিনে দেওয়ার নাম করে তিন মাস আগে ১৪ হাজার টাকা নেন। জায়গা দিতে না পারায় তিনি টাকা ফেরত চাইলে চান্দু ও তাঁর লোকজন তাঁদের নানাভাবে ভয়ভীতি দেখান। এ কারণে তিনি ৫ মার্চ থানায় লিখিত অভিযোগ দেন। সোবাহান কাজের জন্য বাইরে গেলে চান্দু ও তাঁর লোকজন বাড়িতে এসে পরিবারের লোকজনকে তিনদফায় মারধর করেন।
চান্দু মিয়া মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, ববিতা ও তাঁর মা সব সময় তাঁকে গালমন্দ করেন। এ কারণেই তিনি মারধর করেছেন।
শেরপুর থানা-পুলিশের এএসআই রুহুল আমিন বলেন, ‘বাদীর পরিবারকে মারধরের বিষয়টি শুনেছি।’