থানায় আওয়ামী লীগ কর্মীদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রায় ঘণ্টাব্যাপী এ হামলার ঘটনায় পুলিশের তিন কনস্টেবলসহ অন্তত সাতজন আহত হন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, পৌর ছাত্রলীগের সভাপতি মোছলে উদ্দিনের দুই ভাইকে থানায় ডেকে নেওয়ার পর তাঁদের ছাড়াতে গত বুধবার মাঝরাতে থানায় যান কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জহিরুল হক। এ সময় তাঁর সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বাগিবতণ্ডা হয়। এরপর থানায় হামলা চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এদিকে দুই ভাই বখতিয়ার হোসেন ও মনির হোসেন তাঁদের কবিরহাট থানায় ধরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও কবিরহাট থানার পুলিশ বলেছে, কথিত দুই ভাইকে তারা থানায় ডেকে আনেনি।
হামলায় থানার কর্মকর্তাদের বসার কক্ষসহ অন্তত নয়টি কক্ষের জানালার কাচ এবং প্রধান ফটকের থাই গ্লাস ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে প্রায় ৪০টি গুলি ছোড়ে। এরপর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে দুই ভাই বখতিয়ার হোসেন ও মনির হোসেনকে কৌশলে ধরে থানায় আনে পুলিশ। এরপর তাঁদের সুধারাম থানায় পাঠিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এদিকে রাত পৌনে ১২টার দিকে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জহিরুল হক তাঁদের ছাড়িয়ে নিতে কবিরহাট থানায় গেলে ওসির সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম জানান, রাত পৌনে ১২টার দিকে মেয়র জহিরুল হক মদ্যপ অবস্থায় হঠাৎ থানায় এসে তাঁকে গ্রেপ্তার করতে বলেন এবং হইচই শুরু করেন। একপর্যায়ে তিনি দলের লোকজনকে মুঠোফোনে থানায় আসতে বলেন। এর কিছুক্ষণের মধ্যেই মেয়রের লোকজন অতর্কিতে থানায় হামলা-ভাঙচুর শুরু করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে ৪০টি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ইয়াছিন মিয়া, মো. কাইয়ুম ও মো. বাবুল নামের পুলিশের তিন কনস্টেবল আহত হন।
এ ছাড়া হামলার সময় আহত কবিরহাট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বপন (২২) এবং রিয়াজ হোসেন (২৫) ও আবদুল ওয়াহেদকে নোয়াখালী এবং শাহদাত হোসেনকে (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে, মদ্যপ অবস্থায় থানায় গিয়ে নিজেকে গ্রেপ্তার করতে কিংবা নেতা-কর্মীদের থানায় আসতে বলার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন মেয়র জহিরুল হক। গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘ওসি দায় এড়ানোর জন্য এসব বলছেন। আমার দুজন প্রতিবেশীকে থানায় ডেকে নেওয়ার বিষয়ে জানতে আমি থানায় গিয়েছিলাম। এ সময় চারদিকে গুজব ছড়িয়ে পড়ে, পুলিশ আমাকে আটক করেছে। এতে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে থানায় হামলা করে।’
ওসি মাহবুবুল আলম জানান, হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।