থানায় এসআইকে ছাত্রলীগ নেতার চড়
নাটোরের সিংড়া থানা ভবনের মধ্যে গতকাল সোমবার সকালে যুবদলের নেতাকে মারধর করতে বাধা দেওয়ায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) থাপড় মেরেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় সিংড়া সরকারি গোল ই আফরোজ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ফারুক হোসেনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। সিংড়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিংড়া সরকারি গোল ই আফরোজ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের অভিযোগের ভিত্তিতে সিংড়া থানার পুলিশ সোমবার সকালে থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান ও বিএনপির কর্মী খবিরউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। দুপুর ১২টার দিকে আটক হওয়া নেতা-কর্মীদের দেখতে যান থানা যুবদলের আহ্বায়ক তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রায়হান কবির, রেজাউল করিম ও হাবিবুর রহমান। এ সময় স্থানীয় সাংসদ (নাটোর-৩) জুনায়েদ আহমদের শ্যালক ও সিংড়া সরকারি গোল ই আফরোজ কলেজ ছাত্রলীগের সভাপতি লুৎফুল হাবিব ওরফে রুবেল, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ ১৫-২০ জন ছাত্রলীগের নেতা-কর্মী থানা ভবনে আসেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁরা থানা ভবনে অবস্থানরত যুবদলের নেতাদের চড়-থাপড় দিতে শুরু করেন। থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান এতে বাধা দেন। ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই উপপরিদর্শককে চড়-থাপড় দিয়ে ফুলবাগানের পাকা দেয়ালের ওপর ফেলে দেন। এ সময় থানার পুলিশ সদস্যরা তাঁকে রক্ষা করেন এবং ফারুককে আটক করে থানা হাজতে রাখেন। ঘটনার খবর পেয়ে নাটোর থেকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মুন্সি সাহাবুদ্দিন সিংড়া থানায় আসেন। তাঁর নির্দেশে উপপরিদর্শক নূরুজ্জামান বাদী হয়ে ছাত্রলীগের নেতা ফারুক হোসেনসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় ফারুককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে ফারুক হোসেন বাদী হয়ে থানা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান ও বিএনপির কর্মী খবিরউদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত সবাইকে নাটোর জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তাঁরা নাটোর জেলহাজতে রয়েছেন। ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারধর করিনি। কথাকাটাকাটি হয়েছে।’ আর পুলিশকে মারার ব্যাপারে বলেন, ‘আমি তাঁকে (এসআই নূরুজ্জামান) মারধর করিনি। ধাক্কা লেগে তিনি পড়ে গেছেন।’ সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহম্মদ ফয়জুর রহমান বলেন, ‘ফারুক হোসেন থানার মধ্যে এসে সরকারি কাজে বাধার সৃষ্টি করেছেন। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।’