থানায় সেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, কেউ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সোমবার বিকেলে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে ৪৯টি থানার ‘পরিদর্শক তদন্ত’ ও ‘পরিদর্শক অভিযান’ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নতুন ‘জিডি বুক’–এর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, জনগণের প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে ব্যবধান কমাতে ও ডিজিটাল পুলিশিংয়ের অংশ হিসেবে এই জিডি বুকের উদ্বোধন করা হলো। এতে পুলিশের সেবার মান বৃদ্ধির পাশাপাশি জিডি করতে আসা জনগণের হয়রানি কমবে। তিনি বলেন, ‘থানায় যাঁরা আসেন, তাঁদের অধিকাংশই বিভিন্ন সমস্যায় পড়ে আসেন। কিন্তু সেবা পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা, পুলিশের অসহযোগিতা ও জিডির জন্য টাকা নেওয়ার অভিযোগ শোনা যায়। এসব বন্ধে আমরা দীর্ঘদিন থেকে উপায় খুঁজছিলাম। নতুন এই জিডি করার ফরম্যাটে আর কোনো হয়রানি থাকবে না। সেবার পথ আরও প্রশস্ত হবে।’
আছাদুজ্জামান মিয়া বলেন, অনেক থানার পাশে রাইটাররা জিডি লিখে দেন, কলম না থাকা, সাদা কাগজ না থাকার অভিযোগ পাওয়া যায়। কিন্তু এখন আর এসবের কিছুই লাগবে না। ভুক্তভোগী ব্যক্তিরা আসবেন, অভিযোগ লিখবেন, স্বাক্ষর করবেন, ফটোকপিও করতে হবে না। অটো কার্বন কপির মাধ্যম সে কাজও সম্পাদিত হবে। জিডির সিরিয়াল নম্বর বসানোর পর ভুক্তভোগী ব্যক্তিরা একটি কপি নিয়ে চলে যাবেন। অবস্থা ও জিডির গুরুত্ব অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে। তবে কেউ যদি জিডি স্বহস্তে লিখেও নিয়ে আসেন কিংবা কম্পিউটারে টাইপ করে নিয়ে আসেন, তাহলেও জিডি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। সে ক্ষেত্রে জিডি নম্বর লিখতে হবে।
অনুষ্ঠানে নিউমার্কেট, কলাবাগান ও উত্তরা পশ্চিম থানার পুলিশের হাতে আনুষ্ঠানিকভাবে জিডি বুক হস্তান্তর করেন ডিএমপি কমিশনার।
এর আগে জিডি বুক সম্পর্কে ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, প্রতিটি জিডি বুকে ২০০টি পাতা থাকবে। এর মাধ্যমে ১০০টি জিডি নথিভুক্ত করা যাবে। জিডির একটি পাতা থানায় থাকবে, একটি ভুক্তভোগী ব্যক্তি সংরক্ষণ করবেন। এর মাধ্যমে আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছভাবে কাজ করা যাবে বলে তিনি জানান।