থানায় এসে বৈরাগী জানালেন নিখোঁজ হননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা ফখরুল হাসান বৈরাগী থানায় হাজির হয়ে জানিয়েছেন তিনি নিখোঁজ হননি।
পারিবারিক দ্বন্দ্বের কারণে তিনি স্বেচ্ছায় মোহাম্মদপুরের বাসা ছেড়েছিলেন, ছিলেন কেরানীগঞ্জে ছেলের বাসায়।
ঘটনার শুরু গত শনিবার। ওই দিন রাজিয়া হাসান নামে এক নারী নিজেকে ফখরুল হাসান বৈরাগীর দ্বিতীয় স্ত্রী দাবি করে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর স্বামী প্রায় দেড় মাস ধরে নিখোঁজ।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেতাকে নিয়ে আলোচনা শুরু হয়। এরপর গতকাল সোমবার দুপুরে ফখরুল হাসান বৈরাগী নিজেই কলাবাগান থানায় আসেন। তিনি পুলিশকে কেরানীগঞ্জে ছেলের বাসায় থাকার বিষয়টি জানান এবং রাজিয়া হাসান তাঁর স্ত্রী নন বলে দাবি করেন।
পরে কলাবাগান থানা-পুলিশের সঙ্গে ফখরুল হাসান বৈরাগী ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আসেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার দুই ছেলে কেরানীগঞ্জের আঁটিবাজারে থাকে। আমি নিজের ইচ্ছায়, স্বজ্ঞানে আমার ছেলের বাসায় গিয়েছিলাম। রাজিয়া হাসান নামে যে নারী আমার স্ত্রী পরিচয় দিয়ে এই খবর প্রকাশ করেছে, সে আমার স্ত্রী নয়। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ধারণা করছি, সে আমার ক্ষতি করতে পারে।’ তিনি বলেন, ‘গত পরশু দিন আমি শুনি অনলাইনে আমার নিখোঁজের খবর দেওয়া হয়েছে। কাল কিছু পত্রিকায়ও দেখলাম আমি নিখোঁজ হয়েছি বলে খবর প্রকাশ হচ্ছে। তাই আমি মনে করলাম এটার সমাপ্তি হওয়া দরকার। আমি নিখোঁজ নই, পরিবারের সঙ্গে আছি।’
ফখরুল হাসান বৈরাগীর স্ত্রী দুই ছেলে রেখে মারা যান। এরপর থেকে তিনি মোহাম্মদপুরে বসবাস করছিলেন।