থানায় এসে মাদক ছাড়ার ঘোষণা ১৯ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৭ জন মাদক ব্যবসায়ী ও ১২ জন মাদকসেবী গতকাল শনিবার থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। একই দিন মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় পুলিশের পৃথক অভিযানে আটক হয়েছেন সন্দেহভাজন দুই মাদক ব্যবসায়ী।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে থানায় উপস্থিত হয়ে ওই ১৯ জন মাদকসংশ্লিষ্ট কারবার ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তাঁরা হলেন উপজেলার মানিকনগর গ্রামের জহির উদ্দীন (৪৫), জলিল আলী (৪০), খলিল রহমান (৩৫), আমিনুল ইসলাম (৪২), সাব্বির হোসেন (৩০) ও আরিফ আলী (৩৫); আনন্দবাস গ্রামের জমিরউদ্দিন (৩৫) ও সাইদুর মিয়া; বল্লভপুর গ্রামের মংলা মণ্ডল (৫০), মো. ভেদু (৬৫), শাহীন হোসেন (২৫), বাপ্পি মণ্ডল (২৭), নেপাল (৩৫), আলবাট মণ্ডল (৫৫), শেপাল বিশ্বাস (৪০), জুয়েল রানা (২৫) ও লক্ষ্মণ দাশ (৩৫); ভবরপাড়া গ্রামের জিয়া মিয়া (৩২) এবং সোনাপুর গ্রামের মোস্তাকিম হোসেন (৩৫)। তাঁদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী ও ১২ জন মাদকসেবী।
ওসি কাজী কামাল হোসেন আরও বলেন, স্থানীয় বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য দিলিপ মল্লিক, শংকর বিশ্বাস, সোহরাব হোসেন ও নারগিস খাতুন ওই মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের মুজিবনগর থানায় নিয়ে আসেন। তাঁরাই এ মানুষগুলোকে অন্ধকারের জগৎ থেকে আলোর পথে ফিরে আসতে সহযোগিতা করছেন।
ফেনসিডিলসহ আটক ১
মেহেরপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আবু সায়েম বলেন, তাঁর নেতৃত্বে ডিবির একটি দল গতকাল সকালে সদর উপজেলার গোভীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ছয় বোতল ফেনসিডিলসহ সাইফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সাইফুল গোভীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
ফেনসিডিলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, উপজেলার বামুন্দী বাজার থেকে গতকাল সকালে নাহিদুজ্জামান কনককে (৩৮) ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। তিনি চাঁদাবাজির এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এ সময় তাঁর কাছে তিন বোতল ফেনসিডিল পাওয়া যায়।
নাহিদুজ্জামান বামুন্দী এলাকার গোলাম কাউছারের ছেলে। তিনি বামুন্দী ইউনিয়ন যুবলীগের সদস্য।