থানায় গণধর্ষণের অভিযোগ: ওসিসহ দুজন প্রত্যাহার
খুলনা রেলওয়ে থানায় (জিআরপি) এক নারীকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি পাঠান ও উপপরিদর্শক (এসআই) নাজমুল হককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। আজ বুধবার তাঁদের ওই থানা থেকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে জেলায় সংযুক্ত করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা রেলওয়ে কুষ্টিয়া সার্কেলের সহকারী পুলিশ কমিশনার ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় দুজনকে প্রত্যাহার করা হয়েছে।
ফিরোজ আহমেদ আরও বলেন, অভিযোগকারী নারী বর্তমানে জেলে আছেন। তাঁর সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়েছে। অভিযোগকারীর পরিবারের সঙ্গেও কথা বলা হবে। তদন্তের স্বার্থে সব পক্ষের সঙ্গেই কথা বলা হবে।
মঙ্গলবার দুপুরে খুলনা জিআরপি থানায় গিয়ে দেখা যায়, থানার সামনে বসে আছেন অভিযোগকারী নারীর স্বজনেরা। তাঁরা বলেন, তদন্ত কর্মকর্তারা তখনো পর্যন্ত তাঁদের সঙ্গে কোনো কথা বলেননি। লোকের কাছে শুনেছেন তাঁদের সঙ্গে কথা বলা হবে। সে কারণে থানার সামনে অপেক্ষা করছেন।
এ সময় অভিযোগকারী নারীর বড় ভাই ও বোন বলেন, পুলিশের বিরুদ্ধে কথা বলায় তাঁরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। গতকাল রাতে ফোনে হুমকি পেয়েছেন বলেও অভিযোগ করেন তাঁরা। তবে কারা হুমকি দিয়েছেন, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তাঁরা।
অভিযোগকারী নারীর বড় ভাই বলেন, বোনকে গ্রেপ্তারের খবর পেয়ে সন্ধ্যায় খুলনা রেলওয়ে থানায় যান তিনি। এ সময় বোনকে ছাড়াতে এক লাখ টাকা দাবি করেন ওসি উসমান গনি পাঠান। টাকা দিতে না পারায় রাত দশটার দিকে থানা থেকে বের করে দেওয়া হয় তাঁকে। পরে সকালে বোনের মুখে গণধর্ষণের বিষয় জানতে পারেন তিনি।
গত ২ আগস্ট বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেন থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ ওই নারীকে আটক করা হয়। রাতেই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে খুলনা জিআরপি থানায় নিয়ে আসা হয়। রাতভর থানা হেফাজতে থাকার পর সকালের দিকে তাঁকে আদালতের প্রেরণ করে পুলিশ। এ সময় ওসিসহ পুলিশের পাঁচ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ওই নারী।