গত বছর ৫ আগস্ট রাতে সাতক্ষীরা শহরের নিউমার্কেটে গিয়েছিলেন হোমিও চিকিৎসক শেখ মোকলেছুর রহমান। এ সময় সদর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল হোসেন তাঁকে আটক করেন। তাঁকে থানায় তিন দিন রাখা হয়। সে সময় প্রতিদিন থানায় গিয়ে তাঁকে খাবার দিয়ে আসতেন তাঁর স্ত্রী জেসমিন নাহার। চতুর্থ দিন সকালে গিয়ে আর স্বামীর দেখা পাননি তিনি। এসআই হিমেল জানিয়ে দেন, মোকলেছুর বিষয়ে তাঁরা কিছু জানেন না।
সেই থেকে পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো স্বামীর খোঁজ পাননি জেসমিন। গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মোকলেছুরের বাবা শহরের কুকরালি এলাকার বাসিন্দা রাশেদ হোসেন।
লিখিত বক্তব্যে জেসমিন নাহার বলেন, তাঁর স্বামী মোকলেছুর হোমিওপ্যাথি চিকিৎসা করেন। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগে নেই। ৫ আগস্ট রাতে সাতক্ষীরা শহরের নিউমার্কেট থেকে পুলিশ তাঁকে আটক করে।
জেসমিন বলেন, স্বামীর সন্ধান চেয়ে এর আগে ২৬ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ তা নেয়নি। তারও আগে ২৪ আগস্ট পুলিশ সুপারের (এসপি) কাছে স্বামীর সন্ধান চেয়ে লিখিত অভিযোগ করেন। কিন্তু কোনো জবাব পাননি। জেসমিন নাহার আরও বলেন, এত দিন সংবাদ সম্মেলন করতে চেয়েও পারেননি। এসআই হিমেল তাঁকে অনেকবার এই বলে শাসিয়েছেন যে স্বামীকে আটকের কথা অন্য কেউ জানলে তাঁর ক্ষতি হয়ে যাবে। জেসমিন বলেন, ‘এখন আর উপায় নেই। তাই সাহস করে প্রেসক্লাবে এসেছি।’
জেসমিন নাহার বলেন, এসআই হিমেল হোসেন যখন মোকলেছুর রহমানকে থানায় এনে আটকে রাখেন, তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন এমদাদ শেখ। ওসির নির্দেশেই হিমেল তাঁর স্বামীকে আটক করেন বলে অভিযোগ জেসমিনের।
যশোর পুলিশ লাইনে বদলি হওয়ার পর হিমেল হোসেন বর্তমানে ঢাকায় প্রশিক্ষণে আছেন। অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর কিছু মনে নেই। কাউকে তুলে আনার মতো কাজ তিনি করতেই পারেন না।
সদর থানা থেকে বদলি হয়ে বর্তমানে সাতক্ষীরার কলারোয়া থানার ওসির দায়িত্বে আছেন এমদাদ শেখ। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার কিছু তিনি জানেন না। এই অভিযোগ ভিত্তিহীন।
জিডি না নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সদর থানার বর্তমান ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ওই সময় মোকলেছুর নামে কোনো ব্যক্তি নিখোঁজের ঘটনা ঘটেনি। তাই তিনি জিডি নেননি।
আর এসপির কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন বলে জেসমিন নাহার যে দাবি করেছেন সে বিষয়ে এসপি আলতাফ হোসেন বলেন, তিনি কারও অভিযোগ পাননি। বিষয়টি তিনি দেখবেন।