থানায় গিয়ে চেয়ারম্যানের আত্মসমর্পণ

কুষ্টিয়ার মিরপুরে যুবলীগ কর্মী শাহাবুদ্দিন আহমেদ ওরফে শাহিন খুনের ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি কামারুল আরেফিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। আজ শনিবার বিকেল সোয়া তিনটার দিকে তিনি সশরীরে কুষ্টিয়ার মিরপুর থানায় গিয়ে একা আত্মসমর্পণ করেন।
কামারুল আরেফিন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রোববার বিকেলে উপজেলার আমলা বাজারে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে যুবলীগের কর্মী শাহাবুদ্দিন আহমেদ নিহত হন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়ে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কামারুল আরেফিন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়।
গত বৃহস্পতিবার বিকেলে আনোয়ারুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় ৪০ জনের নাম উল্লেখ করে হত্যা ও বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা করেন। এতে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কামারুল আরেফিন প্রধান আসামি।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আজিজুর রহমান প্রথম আলোকে জানান, বিকেল তিনটা ১৫ মিনিটে কামারুল আরেফিন থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন। বিকেলেই তাঁকে কুষ্টিয়া আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কাল রোববার আদালতে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কামারুল আরেফিনের এক আত্মীয় প্রথম আলোকে বলেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি (কামারুল) আত্মসমর্পণ করেছেন। হত্যার ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয়। মিরপুর উপজেলায় দলের মধ্যে কয়েকজন আওয়ামী লীগ নেতা কামারুলকে ফাঁসাতে এবং রাজনৈতিকভাবে হেয় করতেই প্রধান আসামি করেছে।