থানায় ছাত্রদলের কর্মীকে ঝুলিয়ে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সদর থানায় ছাত্রদলের এক কর্মীকে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। একই সময়ে থানায় ছাত্রদলের অপর এক কর্মীকেও চোখ বেঁধে নির্যাতন করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের মোড়ে পুলিশ ও হরতাল-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর পরপরই পুলিশ ওই এলাকা থেকে সরকারি আযম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ফেরদাউসুর রহমান ওরফে মুন্না এবং বিএল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র এস এম মাহমুদুল হক ওরফে টিটোকে গ্রেপ্তার করে। পরে তাঁদের খুলনা সদর থানায় নিয়ে যাওয়া হয়।মাহমুদুল খুলনা সরকারি এম এম সিটি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। থানার সামনে মাহমুদুল ও ফেরদাউসুরের স্বজনেরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, থানার দ্বিতীয় তলায় মাহমুদুলকে ফ্যানের হুকের সঙ্গে ঝুলিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছেন ওসি এস এম কামরুজ্জামান। আর ফেরদাউসুরকে চোখ বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এ কথা শোনার পর সাংবাদিকেরা দ্রুত দোতলায় গেলে ওসি তাঁদের বের করে দেন। তবে এর আগে সাংবাদিকেরা কৌশলে নির্যাতনের ওই চিত্র ধারণ করেন। গণমাধ্যমে ছবি প্রকাশ ও প্রচার না করতে সাংবাদিকদের হাত করার জন্য থানার কয়েকজন এসআইকে দায়িত্ব দেন ওসি।মাহমুদুল ও ফেরদাউসুর থানা হেফাজতে সাংবাদিকদের বলেন, পুলিশ তাঁদের দোতলায় নিয়ে মারধর করেছে।জানতে চাইলে ওসি এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া মাহমুদুল ও ফেরদাউসুর পুলিশের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা বের করতে ভয় দেখানোর জন্য ঝোলানো হয়। তবে তাঁদের ওপর কোনো নির্যাতন করা হয়নি।’ সাংবাদিকদের কাছে নির্যাতনের ছবি রয়েছে—এ কথা বললে ওসি বলেন, ‘ছবি থাকতে পারে, তবে আমি এ ঘটনা ঘটাইনি।’এদিকে খুলনা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিশৃঙ্খলা সৃষ্টি, পুলিশের কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মাহমুদুল, ফেরদাউসুরসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ১৫০ ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন।খুলনা মহানগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম মাহমুদুলকে থানায় ঝুলিয়ে মারধরের ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও সদর থানার ওসির অপসারণ দাবি করেন।খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সফিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘থানার ভেতরে কোনো ব্যক্তিকে ঝুলিয়ে পেটানোর বিধান নেই। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, ইতোমধ্যে এ ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।