থানায় ছাত্রলীগের হামলা
কিশোরগঞ্জ মডেল থানায় গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাদক মামলার আসামিকে হাজতে খাবার সরবরাহ করতে না পেরে তাঁরা ওই হামলা চালান। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ কনস্টেবল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের নেতা ও গুরুদয়াল সরকারি কলেজ শাখা কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল গণি ঢালী মাদক মামলায় গ্রেপ্তার রানা নামের এক আসামির সঙ্গে দেখা করতে থানাহাজতে যান। পুলিশ এ সময় বাইরে থেকে হাজতে খাবার সরবরাহে নিষেধের কথা জানালে শফিকুল ক্ষিপ্ত হয়ে ওঠেন ও কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এর কিছুক্ষণ পরই শফিকুল লাঠিসোঁটাসহ ৫০-৬০ জন কর্মী নিয়ে থানায় হামলা চালান। এ সময় শফিকুল থানায় ঢুকে আবুল কালাম আজাদ নামের এক কনস্টেবলের কলার চেপে ধরে হাঁটুতে লাথি মারেন এবং তাঁর অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হামলাকারীরা থানার বৈদ্যুতিক বাতি ও সামনে রক্ষিত একটি পিকআপ ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। পরে হামলাকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের স্টেশন রোডে অবস্থান নেন এবং কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ করে দেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা বেশ কয়েকটি গাড়িতে হামলা চালান। ঘটনার ছবি তোলার সময় বার্তা সংস্থা বাংলা বার্তা টোয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি তালাত আজিজ পুলিশের প্রহারে আহত হন। খবর পেয়ে পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তা এবং জেলা আওয়ামী লীগের নেতারা থানায় ছুটে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টির সুরাহা করতে থানায় আলোচনা চলছিল। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাম্মাদ হোসেন জানান, ঘটনার সার্বিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।