থানায় জমা দেওয়া অস্ত্র দিয়ে ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ২৬ ডিসেম্বর ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় লাইসেন্স করা বন্দুক জমা দেন আওয়ামী লীগের কর্মী ইমরান হোসেন। ওই অস্ত্র দেখিয়ে তিনি প্রতিপক্ষের কর্মী বাচ্চু মোল্লার টাকা ছিনতাই করেছেন অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
ইমরান হোসেন অভিযোগ করেন, তাঁকে হয়রানি করতে বাচ্চু মোল্লা পুলিশের সঙ্গে যোগসাজশ করে মিথ্যা মামলা করেন। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম এজাহার হাতে নিয়ে তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এই টাকা না দেওয়ায় তিনি মামলাটি মিথ্যা জেনেও রেকর্ড করেন।
ইমরান হোসেন হরিণাকুণ্ডুর তাহেরহুদা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান খলিসাকুণ্ডু গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। জমিরের লাইসেন্স করা একটি বন্দুক ছিল। উত্তরাধিকারসূত্রে বর্তমানে সেটির মালিক ইমরান।
হরিণাকুণ্ডু থানার পুলিশ জানায়, ২৬ ডিসেম্বর ইমরান হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করে তাঁর বন্দুক জমা দেন। গতকাল সোমবার পর্যন্ত অস্ত্রটি থানায় ছিল।
কিন্তু গত ২৪ জানুয়ারি আওয়ামী লীগের কর্মী বাচ্চু মোল্লার এজাহারে বলা হয়েছে, ২২ জানুয়ারি রাত ১০টার সময় হরিণাকুণ্ডুর ভবানীপুর বাজারে পান বিক্রি করে বাড়ি ফেরার পথে ইমরান তাঁর বুকে লাইসেন্স করা অস্ত্র ধরে ৫২ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেন।
এ ব্যাপারে মামলার বাদী বাচ্চু মোল্লা বলেন, ‘ঘটনার সময় ইমরানের হাতে অস্ত্র ছিল। সেটা বৈধ না অবৈধ তা পুলিশ তদন্ত করে দেখবে। আমার ধারণা ছিল, ওই অস্ত্র দিয়ে ঘটনা ঘটানো হয়েছে।’
ইমরান হোসেন জানান, হরিণাকুণ্ডু উপজেলায় আওয়ামী লীগের দুটি পক্ষ রয়েছে। এক পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মসিউর রহমান জোয়ার্দ্দার, অপর পক্ষে আছেন যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন। তিনি আফজাল হোসেনের পক্ষ সমর্থন করেন। আর প্রতিপক্ষ বাচ্চু মোল্লা মসিউর রহমান জোয়ার্দ্দারকে সমর্থন করেন। এই নিয়ে বাচ্চু মোল্লার সঙ্গে তাঁর বিরোধ চলে আসছে।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম বলেন, ‘মামলার বাদী যে এজাহার দিয়েছেন, প্রাথমিকভাবে সেটা নথিভুক্ত করা হয়েছে। প্রথমেই সব তদন্ত করা সম্ভব নয়। তদন্তে সঠিক বিষয়টি উঠে আসবে। অর্থ চাওয়ার বিষয়টি ঠিক নয়।’