থানায় ঢুকে এসআইকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের দুজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা দাবি করেন, টাকা নিয়ে মামলা করার প্রতিবাদ জানানোয় পুলিশ ছাত্রলীগের দুজন নেতাকে সাজানো ঘটনায় গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে গোলাপগঞ্জ শহরে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। পুলিশ সূত্রের ভাষ্য, গত বুধবার রাত ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল হক ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম একটি মামলা না করার তদবির করতে থানায় যান। বিষয়টি নিয়ে কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এসআই লোকমান এ ব্যাপারে সাংবাদিকদের জানান, দত্তরাইল গ্রামে মারামারির ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলাটি না নেওয়ার আবদার নিয়ে ছাত্রলীগের নেতারা তাঁর কাছে যান। বিষয়টি তদন্তের পর দেখা যাবে বলে জানালে তাঁরা ক্ষুব্ধ হন। তিনি অভিযোগ করেন, এর একপর্যায়ে তাঁর শার্টের কলার চেপে ধরে মারধর করা হয়। তখন পুলিশ সদস্যরা এসে ওই দুজনকে আটক করেন।সংশ্লিষ্টরা জানান, দুই নেতাকে আটকের খবর পেয়ে রাতেই ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী থানার সামনে জড়ো হন। তাঁরা সিলেট-গোলাপগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেন। পরে দাঙ্গা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় বিচ্ছিন্নভাবে কয়েকটি অটোরিকশা ভাঙচুর করেন ছাত্রলীগের কর্মীরা। রাত ১২টার দিকে এসআই লোকমান মামলা করলে থানার ভেতর আটক থাকা খায়রুল ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।গোলাপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, থানায় ঢুকে পুলিশের মারধরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।এদিকে ছাত্রলীগের দুজন নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গোলাপগঞ্জ পৌর শহরে ছাত্রলীগ গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ প্রথম আলোকে বলেন, টাকা নিয়ে মামলা করার প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগের ওই দুজন নেতা পুলিশের হাতে নির্যাতিত হন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।