থানায় ঢুকে ওসিকে লাঞ্ছিত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কারিবুল হক রাজিনের বিরুদ্ধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে থানায় ওসির কক্ষে এ ঘটনা ঘটে। ওসি বিষয়টি পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে মৌখিকভাবে জানিয়েছেন।ওসি মির্জা আবদুস সালাম জানান, পলটন রহমান নামের এক যুবক একটি মারামারির ঘটনায় মামলা করার জন্য লিখিত অভিযোগ নিয়ে বৃহস্পতিবার রাতে থানায় আসেন। এ সময় নিয়মানুযায়ী তাঁর লিখিত অভিযোগ নিয়ে বলা হয়, ঘটনার তদন্ত করে ন্যূনতম সত্যতা পাওয়া গেলে মামলা হিসেবে লিপিবদ্ধ করা হবে। কিন্তু ওই যুবক এ কথা না শুনে ‘রাজিন ভাই পাঠিয়েছে’ উল্লেখ করে তাৎক্ষণিকভাবে ওই অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করার জন্য বলেন। কিন্তু শেষ পর্যন্ত এতে রাজি হননি তিনি। কারণ অভিযোগ পড়ে ঘটনা সাজানো মনে হয়েছে তাঁর কাছে। রাতে ওই যুবক কিছু না বলে চলে যান। কিন্তু বেলা ১১টার দিকে রাজিনসহ আরও ৯-১০ জনকে সঙ্গে নিয়ে তিনি আবারও থানায় আসেন। পলটনের দেওয়া অভিযোগের বিষয়ে কথোপকথনের একপর্যায়ে হঠাৎ কারিবুল হক তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ দিতে শুরু করেন। ওসি জানান, তাঁর দিকে আঙুল তুলে ও কক্ষের টেবিল চাপড়ে রাজিন বলেন, তাঁর কথা না শোনার কারণে ২৪ ঘণ্টার মধ্যে ওসির শাস্তিমূলক বদলির ব্যবস্থা করা হবে। অভিযোগের বিষয়ে কারিবুল হক মুঠোফোনে প্রথম আলোকে জানান, একটা কাজের জন্য সকালে কয়েক বন্ধুকে নিয়ে থানায় গিয়েছিলাম। কিন্তু ওসি কাজটি করতে অস্বীকৃতি জানান। এ সময় তাঁর সঙ্গে একটু কথা-কাটাকাটি হয় মাত্র, এর বেশি কিছু নয়। ওসি তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।