থানায় ঢুকে পুলিশকে মারধর, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা থানায় ঢুকে এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) মারধর করার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে৷ গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে৷ এরপর জেলা ছাত্রলীগ তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করে৷
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, শুক্রবার রাতে ছাত্রলীগের নেতা ওয়াসিমের পরিচিত এক ব্যক্তি তাঁকে নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় আসেন৷
থানায় কর্তব্যরত এএসআই আবুল বাশারকে জিডি নিতে বলে ওয়াসিম থানার বাইরে যান৷ জিডি নিতে দেরি হওয়ায় ওয়াসিম এএসআইয়ের সঙ্গে রাগারাগি করতে থাকেন৷ একপর্যায়ে এএসআই তাঁকে চুপ করতে বলেন৷ তখন ওয়াসিম ওই পুলিশ কর্মকর্তাকে থাপড় মারেন৷ এরপর ওয়াসিমকে আটক করা হয়৷ ওই রাতেই এএসআই আবুল বাশার বাদী হয়ে মামলা করেন৷ ওয়াসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হাসান লিউ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় ওয়াসিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে৷ সংগঠনের কেউ গুরুতর অপরাধ করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন৷