থানায় তিনটি মামলা, শফিউলের লাশ হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হওয়ার ঘটনায় নান্দাইল মডেল থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়েছে। র‍্যাব-১৪-এর দুজন উপসহকারী পরিচালক (ডিএডি) বাদী হয়ে গতকাল শনিবার মামলাগুলো করেন।

গত বৃহস্পতিবার রাতে বন্দুকযুদ্ধে নিহত দুজনের একজন কিশোরগঞ্জের শোলাকিয়ায় গত ঈদুল ফিতরের দিন হামলার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন মো. শফিউল ইসলাম (২০)। ময়নাতদন্ত শেষে গতকাল তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত অন্যজনের পরিচয় গতকাল পর্যন্তও পাওয়া যায়নি।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করে মামলার তদন্তও শুরু করা হয়েছে।

ওসি আতাউর রহমান জানান, শফিউলের লাশ গতকাল বিকেলে তাঁর মা নার্গিস সুলতানার কাছে হস্তান্তর করা হয়েছে। শফিউলের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামে।