ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গণপিটুনিতে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় পুলিশের করা মামলার প্রতিবেদন জমা দেওয়ার জন্য থানা-পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিন এ নির্দেশ দেন।
নিহত দুই ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, ১ মার্চ উপজেলার সাতমোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সেন্টু মিয়াসহ তাঁর লোকজন ডেকে নিয়ে নিজ বাড়িতে গণপিটুনির ঘটনা সাজিয়ে পরিকল্পিতভাবে এনামুল হক (৪৫) ও ইয়াছিন মিয়াকে (৪০) খুন করেন। পরে দুজনকে ডাকাত বানিয়ে হত্যাকাণ্ডটি গণপিটুনির ঘটনায় রূপ দেন তাঁরা। এনামুল রসুল্লাহবাদ ইউনিয়নের রসুল্লাহবাদ গ্রামের বাসিন্দা ছিলেন এবং ইয়াছিনের বাড়ি শিবপুর ইউনিয়নের কাজলিয়া গ্রামে। তাঁরা পরস্পরের আত্মীয় ছিলেন। এ ঘটনায় এনামুলের স্ত্রী তাসলিমা বেগম ২৬ জনকে আসামি করে ৯ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এতে সাতমোড়া ইউপির চেয়ারম্যান মো. মাসুদ রানা, সাবেক ইউপি সদস্য সেন্টু মিয়াসহ ২৬ জনকে আসামি করা হয়।
এ ঘটনায় ২ মার্চ প্রথম আলোয় ‘নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে নিহত ২’ এবং ১৩ মার্চ ‘পুলিশ সুপারের কাছে স্মারকলিপি: গণপিটুনি নয়, দুজনকে হত্যা করা হয় পরিকল্পিতভাবে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের আইনজীবী খায়রুল এনাম বলেন, আদালতে করা বাদী তাসলিমার মামলাটি স্থগিত করে হত্যার ঘটনায় নবীনগর থানায় করা মামলাগুলোর পুলিশ প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য নবীনগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। একই ঘটনায় একটি জিআর মামলা থানায় থাকায় আদালত এই আদেশ দিয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এনামুলের বিরুদ্ধে নবীনগর থানায় ডাকাতি, নারী নির্যাতন, চুরিসহ ১১টা মামলা রয়েছে। আর ইয়াছিন বিজিবি থেকে চাকরিচ্যুত বলে জানতে পেরেছি। হত্যাকাণ্ডের সঙ্গে মোটরসাইকেল চুরির বিষয়টি জড়িত বলে নিহত ব্যক্তির পরিবার থেকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’