থানায় দুই দিন আটকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের বিরুদ্ধে প্রভাবিত হয়ে দরিদ্র পরিবারের এক ছাত্রকে দুই দিন নির্যাতনের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করার অভিযোগ উঠেছে। আদালত ওই ছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

নির্যাতনের শিকার ওই কিশোরের নাম রাসেল খান। সে রাজাপুর সদর ইউনিয়নের কৈবর্তখালী গ্রামের রিকশাচালক সাঈদুর রহমানের ছেলে।

রাসেলের মা ও বাবার অভিযোগ, রাসেলের চেয়ে বয়সে প্রায় তিন বছরের বড় তাঁদের প্রতিবেশী এক প্রভাবশালীর কলেজপড়ুয়া মেয়েকে বিয়ে করতে রাজি না হওয়ায় মেয়ের বাবার পক্ষ হয়ে গত ২৮ ও ২৯ মার্চ থানায় আটকে রেখে রাসেলের ওপর নির্যাতন চালান ওসি।

নিবন্ধন ও জন্ম সনদ অনুযায়ী রাজাপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি ভোকেশনাল পরীক্ষা দেওয়া রাসেলের বয়স ১৫ বছর পাঁচ মাস।

রাসেলের মা হেলেনা বেগম অভিযোগ করেন, রাজাপুর সদর ইউপির সংরক্ষিত সদস্য হাফিজা আক্তারের স্বামী মাসুদ গাজী গত ২৮ মার্চ রাতে লোকজন পাঠিয়ে রাসেলকে ধরে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে এক প্রতিবেশীর মেয়েকে বিয়ে করার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় গাছের সঙ্গে বেঁধে রাসেলকে মারধর করার পর রাত একটার দিকে মাসুদ গাজী রাসেলকে বেঁধে ওসির কাছে নিয়ে যান।

রাসেলের মা বলেন, ‘পোলাডারে বিনা কারণে থানায় দুই দিন আটকাইয়্যা ওসি স্যারে মারছে। আমার সামনে বইয়্যা ওসি স্যারে পোলাডারে পিডাইয়্যা (পিটিয়ে) ব্যাতের লাডি ভাইঙ্গা হালাইছে। মিথ্যা অভিযোগে ছয় মাসের জেল দেছে।’

পরের দিন বিকেলে ওসি থানাহাজতে বসেই বিয়েতে রাজি করানোর জন্য দ্বিতীয় দফায় রাসেলকে পেটান।

ঝালকাঠি জেলা কারাগারের সাক্ষাৎকক্ষে রাসেল বলে, ‘নির্যাতনের একপর্যায়ে জীবন বাঁচাতে আমি বিয়েতে রাজি হই।

এ সময় ওসি সাহেব কাজির সামনে আমার বয়স ২৫ বলার জন্য চাপ দেন। সন্ধ্যায় মেয়েপক্ষের লোকজন থানায় এলে চার লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ের আয়োজন করেন ওসি।’ কিন্তু চার লাখ টাকা দেনমোহর শুনে রাসেল ও তার মা বিয়েতে অস্বীকৃতি জানান।

এতে ক্ষিপ্ত হয়ে ওসি তৃতীয় দফায় লোকজনের সামনে বসেই তাকে পেটানো শুরু করেন। খবর পেয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন রাতেই রাজাপুর থানায় উপস্থিত হলে বিয়ে পণ্ড হয়ে যায়।

৩০ মার্চ সকালে ওসির নির্দেশে উপপরিদর্শক (এসআই) কাইয়ুম যৌন হয়রানির অভিযোগে রাসেলকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবা আক্তারের ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যান। সেখানে রাসেলকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে ঝালকাঠি কারা হাসপাতালে রাসেলের চিকিৎসা চলছে। 

ঝালকাঠি জেলা কারাগারের তত্ত্বাবধায়ক তায়েফ উদ্দিন মিয়া বলেন, কারাগারে নিয়ে আসার সময় রাসেল কিছুটা অসুস্থ ছিল। তার বাঁ পা ও হাতে কালো দাগ রয়েছে। মাসুদ গাজী বলেন, ‘আমার স্ত্রীর কাছে রাসেলের বিরুদ্ধে মেয়ের বাবা অভিযোগ করলে আমি রাসেলকে ডেকে আনি। সে সমঝোতায় রাজি না হলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিই। আমি মারধর করিনি।’

ওসি বলেন, ‘কলেজপড়ুয়া এক মেয়ের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা রাসেলকে আটক করি। ইউএনও স্যার ওই দিন (শনিবার) ব্যস্ত থাকায় পরের দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়। রাসেলকে নির্যাতনের কথা ঠিক নয়। তাকে জোর করে বিয়েতে রাজি করানোর জন্য চাপও দিইনি।’ 

 ইউএনও বলেন, পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে এবং ভ্রাম্যমাণ আদালত আইনে যেভাবে আছে সেভাবেই সবকিছু করা হচ্ছে।

ওই মেয়ের বাবা বলেন, ‘আমার মেয়েকে রাসেল বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। রাসেলের সাথেই আমি মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু বিয়েতে সে রাজি হয়নি।’

পুলিশ সুপার মজিদ আলী বলেন, ছেলেটির মা-বাবা যদি লিখিত অভিযোগ করে তাহলে বিধি অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ঝালকাঠি জজ আদালতের আইনজীবী মল্লিক মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের সামনে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, তাহলে আদালত তাৎক্ষণিক সাক্ষ্য নিয়ে সংক্ষিপ্ত সাজা দিতে পারেন। কিন্তু ইদানীং দেখা যাচ্ছে, থানা পুলিশ আসামি ধরে টিএনও সাহেব অথবা নির্বাহী হাকিমের সামনে হাজির করছেন এবং পুলিশের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওনার কার্যালয়ে বসে সাজাও দিচ্ছেন, যা বেআইনি।