থানায় নিয়ে তিন ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ, ক্রসফায়ারের হুমকি
চাঁদা না দেওয়ায় তিন ব্যবসায়ীকে থানায় নিয়ে নির্যাতন, চুরির পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় এবং ক্রসফায়ারে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তিনি হলেন বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরের প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী ব্যক্তিরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অন্যতম ভুক্তভোগী রিপন মৃধা। তিনি নগরের রূপাতলী গ্যাস টারবাইন এলাকার খান সড়কের বাসিন্দা মৃত আবুল হাসেম মৃধার ছেলে। অন্য দুজন ব্যবসায়ী হলেন আফজাল হোসেন খান ও রিপন আকন। তাঁরা পরস্পরের প্রতিবেশী।
রিপন মৃধা লিখিত বক্তব্যে বলেন, গত অক্টোবরের শুরুতে এসআই মহিউদ্দিন চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে তাঁদের জমিজমা কেনাবেচার প্রতিষ্ঠান নাহলা প্রোপার্টি কার্যালয়ে আসেন। সেখানে তিনি তাঁদের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। চাঁদা না পেয়ে এসআই মহিউদ্দিন ১৭ অক্টোবর তাঁকে (রিপন মৃধা) ও আফজাল খানকে ধরে থানায় নিয়ে যান। সেখানে আটকে রেখে দুজনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে তাঁদের বেদম মারধর করা হয় এবং দুজনেরই নাকেমুখে গরম পানি ঢালা হয়। বৈদ্যুতিক শকও দেওয়া হয়। এভাবে দুদিন নির্যাতনের পর ১৯ অক্টোবর ক্রসফায়ারের ভয় দেখিয়ে চুরির পুরোনো একটি মামলায় তাঁদের আসামি করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেন। একইভাবে ২৭ অক্টোবর রিপন আকনকেও থানায় এনে নির্যাতন চালানো হয়। ২৯ অক্টোবর তাঁকেও আদালতে পাঠিয়ে মিথ্যা চুরির মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করা হয়। পরে তিনজনকেই কারাগারে পাঠানো হয়। সেখানে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনজনই। কারাগার থেকে ৫ জানুয়ারি তাঁরা জামিনে মুক্ত হন।
এ ঘটনায় ৮ ফেব্রুয়ারি এসআই মহিউদ্দিনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন রিপন মৃধা। মামলাটি আমলে নিয়ে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আলী হোসাইন বিচার বিভাগীয় তদন্তের জন্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আনিসুর রহমানকে নির্দেশ দেন।
মামলার বাদী রিপন মৃধা অভিযোগ করেন, আদালতে মামলা করার পর থেকে এসআই মহিউদ্দিন ফোন করে এমনকি সরাসরি লোক পাঠিয়ে তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন। মামলার সাক্ষীদেরও একাধিক মামলার আসামি করা এবং ক্রসফায়ারে দেওয়ার হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তাঁরা সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবার হস্তক্ষেপ এবং বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
জানতে চাইলে এসআই মহিউদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, চাঁদা দাবি, থানায় নিয়ে নির্যাতন এবং হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তাঁর দাবি, মূলত রূপাতলীতে একটি চুরি ঘটনায় মুঠোফোন ট্র্যাকিং করে আফজাল হোসেন, রিপন মৃধা ও রিপন আকনকে আটক করা হয়। তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা আটজন মিলে চুরি করেছেন। এই তিনজন আটক হওয়ায় বাকি পাঁচজন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পরে এই তিনজনও জামিনে এসে অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়ার জন্য বলেন। নাম বাদ না দেওয়ায় তাঁরা তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন।
গতকালের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ভুক্তভোগী রিপন আকনও উপস্থিত ছিলেন। আর চিকিৎসাজনিত কারণে ঢাকায় থাকায় আফজাল খান উপস্থিত থাকতে পারেননি।