থানায় নিয়ে মাসহ ছাত্রীকে লাঠিপেটা এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাদ্রাসাছাত্রী ও তার মাকে লাঠিপেটা করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিমকে জেলার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গতকাল শনিবার তাঁকে প্রত্যাহার করা হয়। জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এসআই রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের রাধানগর কলোনি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে স্থানীয় ঝাউবোনা মহিলা ইসলামী একাডেমীর দশম শ্রেণীর ছাত্রী স্বপ্না খাতুন ও তার মা রানী বেগমকে থানায় ধরে নিয়ে গিয়ে লাঠিপেটা করে। পরে আহত অবস্থায় তাঁদের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ খবর জানার পর ঝাউবোনা মহিলা ইসলামী একাডেমীর ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল সকালে তারা এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ভোলাহাট ইউএনওর কার্যালয়ে যায়। পরে তারা ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। স্বপ্নার বাবা শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘থানার হাজতখানায় ঢুকিয়ে আমার মেয়ে ও স্ত্রীকে এক মহিলা পুলিশ লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে। এ সময় এসআই রেজাউল সেখানে দাঁড়িয়ে পেটানোর নির্দেশ দেন। এর প্রতিবাদ করলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আমি এই বর্বর ঘটনার বিচার চাই।’ এসআই রেজাউল করিম অভিযোগ অস্বীকার করেন। ভোলাহাট থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, রেজাউলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।