থানায় পড়ে আছে অর্ধশত যানবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনসিডিল বহনের দায়ে বছর দুয়েক আগে ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকা থেকে ব্যক্তিগত গাড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয় ধামরাই থানায়। আটক হওয়ার কয়েক মাস পর পলাশ নামের ওই মাদক ব্যবসায়ী জামিনে ছাড়া পেলেও মামলার আলামত হিসেবে আটক তাঁর গাড়িটি জামিন না দেওয়ায় আজও পড়ে আছে থানা চত্বরে। দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় ২৮ লাখ টাকা মূল্যের গাড়িটি প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। গাড়িটির চাকা, গ্লাস ও ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। শুধু ধামরাই থানার ওই গাড়িটিই নয়, মামলার আলামত হিসেবে আটক বিভিন্ন ধরনের ৪৭টি গাড়ি খোলা আকাশের নিচে পড়ে আছে ঢাকার সাভার ও আশুলিয়া থানায়। অযত্ন আর অবহেলায় পড়ে থাকা এসব যানবাহন দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বছরের পর বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকার সুবাদে অনেক যানবাহনেরই মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। আটক করা যানবাহনগুলোর মালিক কোনো ব্যক্তি হলেও ব্যবহার অনুপযোগী হয়ে পড়ার কারণে পরোক্ষভাবে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম খান জানান, মামলার দীর্ঘসূত্রতার কারণে গাড়িটি মালিকের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। পুলিশের দেওয়া তথ্য ও সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, ধামরাই থানায় পাঁচটি ব্যক্তিগত গাড়ি ও একটি ট্রাক, আশুলিয়া থানায় তিনটি ম্যাক্সি, একটি মাইক্রো, দুটি ট্রাক, একটি কভার্ড ভ্যান এবং ২১টি ব্যক্তিগত গাড়ি এবং সাভার থানায় পাঁচটি ট্যাক্সিক্যাব, একটি পাজেরো, একটি মাইক্রোবাস, দুটি ট্রাক, একটি পিকআপ, দুটি স্কুটার ও পাঁচটি ব্যক্তিগত গাড়ি মামলার আলামত হিসেবে আটক আছে। থানা তিনটিতে কোনো মালখানা না থাকায় দীর্ঘদিন ধরে এসব যানবাহন পড়ে রয়েছে খোলা আকাশের নিচে। সরেজমিনে দেখা গেছে, আশুলিয়া থানার বাইরে মামলার আলামত হিসেবে আটক (ঢাকা-মেট্রো-ব-১২-৫৪৬৫) গাড়িটির মূল্যবান সব যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। পড়ে রয়েছে শুধু বডি। ওই থানার সামনে পড়ে থাকা আরও কয়েকটি গাড়ির অবস্থাও একই। নাম প্রকাশ না করার শর্তে এক যানবাহন ব্যবসায়ী জানান, তাঁর ব্যক্তিগত গাড়িটি ভাড়া নিয়ে ফেনসিডিল বহন করার দায়ে আটক করে আশুলিয়া থানার পুলিশ। আদালতের অনুমতি না পাওয়ার কারণে দেড় বছর ধরে গাড়িটি তাঁর হেফাজতে নিতে পারছেন না। তিনি অভিযোগ করেন, ইতিমধ্যেই তাঁর গাড়িটির অনেক মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। চুরির সঙ্গে পুলিশেরও হাত রয়েছে বলে তিনি দাবি করেন। অভিযোগ অস্বীকার করে আশুলিয়া থানার মালখানার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, থানায় কোনো মালখানা না থাকায় মামলার আলামত হিসেবে আটক যানবাহনগুলো থানার বাইরে ফেলে রাখা হয়। কিন্তু জনবলের অভাবে এসব যানবাহন পাহারা দেওয়া সম্ভব নয়। এই সুযোগে রাতের আঁধারে মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। সাভার ও আশুলিয়া থানার একাধিক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আলামত হিসেবে আটক গাড়িগুলোর প্রায় সবই মাদক পরিবহনের অভিযোগে আটক করা হয়েছে। এ কারণে আদালত থেকে সহজে গাড়িগুলো ছাড়া পাচ্ছে না। আর ছাড়া না পাওয়ার কারণে পড়ে থেকে থেকে তা নষ্ট হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মামলার দীর্ঘসূত্রতার কারণে আটকে থাকা গাড়িগুলোর মালিক কোনো ব্যক্তি হলেও তা নষ্ট হওয়ার কারণে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যার প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতির ওপর। তাই পরোক্ষভাবে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম বলেন, জায়গার অভাবে আলামত হিসেবে আটক যানবাহনগুলো যত্রতত্র ফেলে রাখা হয়েছে। ফলে গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের পক্ষে আটক যানবাহন পাহারা দেওয়া সম্ভব নয়। আর পাহারা দেওয়া সম্ভব না হওয়ায় মূল্যবান যন্ত্রাংশ চুরি হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়।