থানায় মামলা, ক্লাস বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আশ্বিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা নাসরিনকে কাইয়ুম নামের স্থানীয় একজন যুবক বিদ্যালয়ের অফিসকক্ষে ঢুকে পিটিয়েছেন। এ ব্যাপারে শিক্ষক রিনা নাসরিন গত সোমবার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং গত সোমবার রাতে তারাকান্দা থানায় মামলা করেছেন।এ ঘটনায় শিক্ষকনেতারা তিন দিনের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সরেজমিনে জানা যায়, শিক্ষার্থীদের কাছ থেকে কাব দলের টাকা তোলা নিয়ে গত রোববার দুপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা নাসরিনের সঙ্গে বিদ্যালয়ের সভাপতি আবদুল মতিনের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মতিন ক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ত্যাগ করেন। পরে শিক্ষিকা নাসরিন পাশেই আশ্বিয়া উচ্চবিদ্যালয়ের অফিসকক্ষে বসে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় সভাপতির ভাতিজা কাইয়ুম অফিসকক্ষে ঢুকে শিক্ষিকাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং একপর্যায়ে তাঁকে পেটাতে শুরু করেন। অন্য শিক্ষকেরা এ ঘটনার প্রতিবাদ করলে কাইয়ুম চলে যান। ঘটনার প্রত্যক্ষদর্শী আশ্বিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজামেঞ্চল হকসহ অন্য শিক্ষকেরা বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা নাসরিনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে কাইয়ুম অতর্কিতভাবে কক্ষে ঢুকে ওই শিক্ষিকাকে জুতা দিয়ে পেটাতে শুরু করেন। তাঁরা বলেন, এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও দুঃখজনক। কাইয়ুম বলেন, ‘আমার জ্যাঠাকে অপমানিত করায় আমি অফিসকক্ষে ঢুকে ওই শিক্ষিকাকে জুতা দিয়ে মারধর করি।’ বিদ্যালয়ের সভাপতি আবদুল মতিন বলেন, ‘কাব দলের টাকা দাবি করি নাই, হিসাব চেয়েছিলাম।’ শিক্ষিকাকে পেটানোর ব্যাপারে তিনি বলেন, এটি তাঁর ভাতিজা বেয়াদবি এবং খারাপ কাজ করেছে। প্রধান শিক্ষিকা রিনা নাসরিন বলেন, ‘উপজেলা পর্যায়ে কাব দলের চাঁদা জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তোলা হয়। সেই টাকা সভাপতি তাঁকে দেওয়ার জন্য বলেন। টাকা দিতে অস্বীকার করলে সভাপতি আমার সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ভাতিজাকে দিয়ে মারধর করান।’ এ ব্যাপারে তারাকান্দা থানায় সভাপতি আবদুল মতিন এবং কাইয়ুমকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাশ উদ্দিনসহ অন্য নেতারা বলেন, তিন দিনের মধ্যে আসামিকে গ্রেপ্তার করা না হলে ক্লাস বর্জন, মানববন্ধনসহ অন্যান্য কর্মসূচির ঘোষণা দেবেন। ফুলপুর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ফজলুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।