থানায় মামলা করতে গিয়ে ওসির দুর্ব্যবহারের শিকার
গতকাল শুক্রবার দুপুর ১২টা। ঢাকার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের কক্ষে হঠা ৎ চি ৎ কার-চেঁচামেচি। ওই কক্ষের ভেতরে দুজন নারী, এক যুবক ও দুই শিশু দাঁড়িয়ে। তাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন ওসি। একপর্যায়ে ওসির নির্দেশে সাদা পোশাক পরা এক ব্যক্তি যুবকটিকে ঘাড় ধাক্কা দিয়ে ওই কক্ষ থেকে বের করে দেন। যুবক ও তাঁর সঙ্গীরা চোখের পানি মুছতে মুছতে থানা এলাকা থেকে বেরিয়ে যান। ওসি মো. সিরাজুলের দুর্ব্যবহারের শিকার ওই ব্যক্তিরা হলো: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রাজদরপুর গ্রামের সাত্তার মোল্লার স্ত্রী ফুলজান বেগম (৪০), ছেলে আবদুল গাফ্ফার (১৮), মেয়ে রওশনারা (২২) ও তাঁর দুই শিশু পুত্র।রওশনারা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী, মা, ভাই ও এক পঙ্গু বোনকে নিয়ে প্রায় তিন বছর ধরে আশুলিয়ার আড়িয়ার মোড় এলাকার চানমিয়ার বাসায় ভাড়া থাকেন। ওই জমি নিয়ে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে চানমিয়ার বিরোধ চলছে। রওশনারা বলেন, ‘এর জেরে ১ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে ইসমাইল লোকজন নিয়ে আমাদের ঘরে ঢুকে তছনছ করে। ইসমাইলের ভাড়াটিয়া গুন্ডারা আমাদের মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেয়। এ সময় তারা লাঠি দিয়ে আঘাত করে আমাকে ও আমার মা ফুলজান বেগম, ভাই গাফ্ফার, প্রতিবন্ধী বোন সাবিনাকে আহত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আমরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। এ ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ চিকি ৎ সা সনদসহ থানায় যোগাযোগ করার পরামর্শ দেয়।’ রওশনারা বলেন, গতকাল শুক্রবার তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়া পেয়ে মামলা করার জন্য আশুলিয়া থানায় গিয়ে ওসি সিরাজুলের রোষানলে পড়েন।রওশনারা বলেন, ‘ওসির অফিস কক্ষে ঢুকে নির্যাতনের ওই ঘটনায় মামলা করার কথা ওসিকে জানাই। এ সময় তিনি আসামির নাম জানতে চান। ইসমাইলের নাম বলার সঙ্গে সঙ্গে ওসি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে সাদা পোশাকের এক পুলিশ দিয়ে আমার ভাইকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। আমরা ভয়ে মামলা না করেই চলে আসি।’ এলাকাবাসী সূত্রে জানা গেছে, চানমিয়া ও ইসমাইল একসময় একসঙ্গে ভুয়া দলিল তৈরি করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় মানুষের জমি দখল করেন। ওসি সিরাজুল তাঁদের এ কাজে সহায়তা করতেন। সম্প্রতি চানমিয়া ও ইসমাইলের মধ্যে বিরোধ দেখা দেয়। ইসমাইল ওসির সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখেন। এ সুযোগে চানমিয়ার দখলে থাকা জমিগুলো দখল করে নিচ্ছেন ইসমাইল। এলাকাবাসী বলেন, নির্যাতনের শিকার ব্যক্তিরা চানমিয়ার বাসার ভাড়াটে হওয়ায় ওসি মামলা না নিয়ে তাঁদের সঙ্গে এ দুর্ব্যবহার করেন। এক প্রশ্নের জবাবে ওসি সিরাজুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চানমিয়া ও ইসমাইল দুজনই খারাপ প্রকৃতির লোক। তাঁরা অন্যের জমি দখল করে বেড়ান। আর একজন আরেকজনকে ঘায়েল করতে ভাড়াটেদের দিয়ে মামলা করান। এ কারণেই মামলা নেওয়া হয়নি। চানমিয়া ও ইসমাইলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ অস্বীকার করেন তিনি। এদিকে বেলা দেড়টার দিকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা এক আসামিকে ধরতে সহায়তা করায় মামলার বাদীর স্বামী সৈয়দ আহামেদকেও গালিগালাজ করেন ওসি। সৈয়দ আহামেদ বলেন, রাকিবুল হক নামের ওই আসামির বাড়ি আশুলিয়া থানার আশুলিয়া বাজারে। বরিশালের একটি আদালতে তাঁর স্ত্রী মামলা করেন। সেখানকার আদালত রাকিবুলকে ধরতে আশুলিয়া থানায় গ্রেপ্তারি পরোয়ানা পাঠান। গতকল রাকিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার কাজে পুলিশকে সহায়তা করায় ওসি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া রাকিবুলও জমি কেনাবেচার ব্যবসা করেন। এ কারণে তাঁর সঙ্গেও ওসির ঘনিষ্ঠতা রয়েছে। ওসিকে না জানিয়ে রাকিবুলকে গ্রেপ্তার করায় তিনি খেপে যান। সৈয়দ আহামেদকে গালিগালাজ করার কারণ জানতে চাইলে ওসি কৌশলে বিষয়টি এড়িয়ে যান। ঢাকার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা থাকা এক আসামিকে গ্রেপ্তার করায় ওসি ক্ষুব্ধ হয়েছেন—এমন অভিযোগ আমিও পেয়েছি। আমি ওই আসামিকে আদালতে সোপর্দ করে বিষয়টি আমাকে জানানোর জন্য ওসিকে নির্দেশ দিয়েছি।’