থানায় মামলা জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুদ্দিন আহমেদের ওপর হামলার ঘটনায় তাঁর স্ত্রী আকলিমা আহমেদ শনিবার রাতে সদর থানায় মামলা করেছেন। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববারও শহরে মিছিল ও সমাবেশ করেছেন জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মামলার বিবরণ দিয়ে সদর থানার পুলিশ জানায়, শনিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার উঁচুটিয়ায় একটি মাদ্রাসার সামনে হামলা শিকার হন হাসিবুদ্দিন আহমেদ। পরে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন জেলা আওয়ামী লীগের নেতারা। তবে এ ঘটনায় জামায়াত-শিবিরের কেউ জড়িত নন বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনায় অজ্ঞাত দুজনকে আসামি করে মামলা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।