কুমিল্লার আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও আল আমিনের ওপর এসিড ছোড়ার ঘটনায় গতকাল রোববার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে।শিক্ষক আল আমিনের ভাই ওমর ফারুক বাদী হয়ে ওই মামলা করেন। এদিকে শিক্ষকদের ওপর এসিড ছোড়ার ঘটনায় কুমিল্লার সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সমিতিগুলো প্রতিবাদ সমাবেশ করেছে। একই সঙ্গে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছে।জানা গেছে, গতকাল রোববার বেলা ১১টায় আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কুমিল্লা শাখার সভাপতি মো. আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গোপাল চন্দ্র ভৌমিক। প্রতিবাদ সভায় শিক্ষকেরা অবিলম্বে এসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। এরপর সমিতির নেতারা কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের কাছে স্মারকলিপি দেন। জানতে চাইলে শিক্ষক আল আমিনের ভাই ও মামলার বাদী ওমর ফারুক বলেন, ‘এসিড নিক্ষেপের কারণে আমার ভাইয়ের মুখের গড়নের পরিবর্তন হয়ে গেছে। অন্য শিক্ষক জসিম উদ্দিন বাম চোখে ঝাপসা দেখছেন। তাঁরা দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।’ আজ মানববন্ধন: শিক্ষকদের ওপর এসিড ছোড়ার ঘটনায় আজ সোমবার বেলা ১১টায় মানববন্ধনের ডাক দিয়েছে এসিড-সন্ত্রাস নির্মূল কমিটি। কমিটির সভাপতি দিলনাশি মোহসেন ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার সবাইকে যথাসময়ে কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। গত শনিবার বেলা দুইটায় বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে নগরের পুরাতন চৌধুরীপাড়া এলাকায় আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের দুই শিক্ষক এসিড সন্ত্রাসের শিকার হন।