থানায় মোটরসাইকেল ঢাকতে জাতীয় পতাকা
পটুয়াখালীর বাউফল থানার মধ্যে মোটরসাইকেল ঢেকে রাখার কাজে জাতীয় পতাকা ব্যবহার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার রাতে সরেজমিন দেখা গেছে, থানাহাজতের প্রবেশপথের পশ্চিম পাশে একটি মোটরসাইকেল জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে গিয়েও একই স্থানে রাখা ওই মোটরসাইকেলটি জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সকালে পতাকা টাঙানোর পর বিকেলে তা নামিয়ে ওই মোটরসাইকেলটির ওপর রাখা হয়।অভিযোগ অস্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মো. গাজ্জালী বলেন, যথাযথ সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও নামানো হয় এবং সম্মানের সঙ্গে তা সংরক্ষণে রাখা হয়। বৃষ্টিতে ভিজে যাওয়ার ফলে শুকানোর জন্য এমনটি হতে পারে।স্থানীয় মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান বলেন, ‘পতাকাকে যেখানে-সেখানে ফেলা রাখা বা মোটরসাইকেল ঢেকে রাখা অবমাননার শামিল। এটা আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে নয়, বাংলাদেশের নাগরিক হয়ে কোনোভাবেই মেনে নিতে পারছি না।’